ঢাকার সাভারে গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী এবং ধামরাইয়ে কাভার্ডভ্যান-পিকআপ সংঘর্ষে দুই জনসহ মোট তিন জনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ আগস্ট) রাতে সাভার পৌর এলাকার গেন্ডা বাসষ্ট্যান্ডে এবং ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ডে পৃথক সড়ক দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, শনিবার রাত ৯ টার দিকে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত গাড়িচাপায় মো. বাছিদ (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি শরীয়তপুর জেলার সুচিগঞ্জ থানার আব্দুর রশিদের ছেলে।
সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আজিজুল হক জানান, রাতে ঢাকাগামী একটি মোটরসাইকেলকে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাছিদের। পরে মোটরসাইকেলসহ মরদেহটি উদ্ধার করে থানায় নেয়া হয়। এ ঘটনায় অজ্ঞাত পরিবহনটিকে চিহ্নিত করার চেষ্টার পাশাপাশি নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
অন্যদিকে, ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটা এলাকায় কাভার্ডভ্যান-পিকভ্যান সংঘর্ষের ঘটনায় দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় দুই পরিবহনের চালকসহ চার জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার (১৪ আগস্ট) দুপুর ২টার দিকে ঢুলিভিটা বাসস্ট্যান্ড সংলগ্ন স্নোটেক্স আউটার ওয়্যার লি. গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মৃতদের মধ্যে একজনের নাম সাব্বির (২২)। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার আলিয়াপাড়া গ্রামে। তবে নিহত অপর যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় আহতরা হলো ওমর ফারুক (২৮), রকি (২৬) ও এনামুল (২৭)।
ফায়ার সার্ভিস জানায়, দুপুরে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে আরিচাগামী একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও চার জন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা জানান, সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। এছাড়া গুরুতর আহত অবস্থায় তিন জনকে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালে রেফার্ড করা হয়েছে এবং একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।