হ্যালো নয়, ফোন ধরে বলতে হবে ‘বন্দে মাতরম’

ফোন তুলে আর ‘হ্যালো’ বলা যাবে না। তার জায়গায় বলতে হবে ‘বন্দে মাতরম’। ভারতের স্বাধীনতা দিবসের ৭৫ বছর পূর্তিতে নতুন এই নির্দেশনা জারি করেছে মহারাষ্ট্র রাজ্য সরকার। রাজ্যের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি এমন নির্দেশ জারি করা হয়েছে। 

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানা যায়, মহারাষ্ট্রের নতুন সরকারে সংস্কৃতি বিষয়ক দফতরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বিজেপি নেতা সুধীর মুঙ্গান্তিওয়ার স্বাধীনতা দিবসের একদিন আগে, ১৪ আগস্ট এমন নির্দেশ দিয়েছেন। 

রোববার (১৪ আগস্ট) মৌখিকভাবে ফোন তুলে ‘হ্যালো’র বদলে ‘বন্দে মাতরম’ বলার নির্দেশ জারি করেন সুধীর। শিগগিরই এই মর্মে সরকারি নির্দেশনা জারি করা হবে বলে জানিয়েছেন তিনি।

তার কথায়, ‘হ্যালো একটি ইংরেজি শব্দ। সেটির ব্যবহার ত্যাগ করা প্রয়োজন। বন্দে মাতরম নেহাত কোনও শব্দবযুগল নয়। প্রত্যেক ভারতীয় এর আবেগ অনুভব করেন।

‘হ্যালো’র জায়গায় ‘বন্দে মাতরম’ বলা চালু করা নিয়ে সুধীরের যুক্তি, স্বাধীনতার ৭৬তম বছরে পা রাখতে চলেছি আমরা। স্বাধীনতার অমৃত মহোৎসব পালন করছি। তাই আমি চাই হ্যালোর বদলে সকলে ফোন ধরে বন্দে মাতরম বলুন। 

রোববার (১৪ আগস্ট) নতুন মন্ত্রিসভার ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তার সরকারে সংস্কৃতি দফতরের দায়িত্ব পেয়েছেন সুধীর। পাশাপাশি তাকে বনমন্ত্রীও করা হয়। মন্ত্রিত্ব পাওয়ার পরই ফোনে ‘বন্দে মাতরম’ বলার নির্দেশনা দেন তিনি।