আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সময় খুব কঠিন। সারাবিশ্বে সবকিছুর অভাব। বাংলাদেশের মানুষের কষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোঝেন। আমরা আপ্রাণ চেষ্টা করছি কষ্ট লাঘবের জন্য।
সোমবার (১৫ আগস্ট) দুপুরে আখাউড়া রেলস্টেশন চত্ত্বরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর পরিবারকে দাবায়ে রাখা যাবে না, শেখ হাসিনা এটাই প্রমাণ করেছেন যে বঙ্গবন্ধুর রক্তকে দাবায়ে রাখা যায় না এবং বাংলার মানুষকেও দাবায়ে রাখা যায় না।
তিনি বলেন, আমরা ১৯৭৫ সাল দেখেছি, আমার বয়স তখন ১৯, আমরা দেখেছি বাংলার মানুষের চোখ দিয়ে পানি পড়া, আমরা দেখেছি বেইমানের অট্টহাসি, আমরা দেখেছি মীরজাফরের চেহারা, তারপরেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঘুরে দাঁড়াতে শিখেছি। আমি আপনাদের বলতে চাই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে সোনার বাংলা গড়ে ছেড়ে দেবেন।
আইনমন্ত্রী আরও বলেন, রাষ্ট্রীয় পৃষ্টপোষকতার কারণে বঙ্গবন্ধুর তিনজন খুনির হদিস নেই। তারা কোথায় আছে কেউ জানে না। এই তিনজনকে ধরে রায় কার্যকর করা না পর্যন্ত তাদের খোঁজা হবে। ইঁদুরের গর্তে গিয়েও লুকিয়ে থাকতে পারবে না। সময় এসেছে বঙ্গবন্ধুর ঋণ শোধ করার। আমরা সবাই মিলে শেখ হাসিনার হাতকে শক্ত করে সোনার বাংলার গড়ার যে প্রত্যয় তা সফল করবো।
এর আগে মন্ত্রী ট্রেনে চেপে আখাউড়া রেলস্টেশনে নেমে শোক র্যালিতে অংশ নেন। উপজেলা চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।