'ঝাড়ুর লাঠি'তে জাতীয় পতাকা, অবমাননার অভিযোগ হাবিব ব্যাংকের বিরুদ্ধে

সিলেটে একটি বেসরকারি ব্যাংকে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠেছে। হাবিব ব্যাংক লিমিটেডের সিলেট শাখায় এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।

আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দেশের অন্যান্য প্রতিষ্ঠানের মতো হাবিব ব্যাংকের সিলেট শাখায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। কিন্তু অভিযোগ উঠেছে, ব্যাংকেরই কেউ জাতীয় পতাকায় খুঁটির পরিবর্তে ঝাড়ু ব্যবহার করেছে। ঝাড়ুর লাঠিতে জাতীয় পতাকা উড়তে দেখে স্থানীয়রা প্রতিবাদ জানালে ব্যাংকটির নিরাপত্তাকর্মীরা দ্রুত পতাকা নামিয়ে নেয়।

পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন। বিকেলে ব্যাংকে নতুন একটি খুঁটিতে জাতীয় পতাকা অর্ধনমিত করে লাগানো হয়।

জাতীয় শোক দিবসে হাবিব ব্যাংকের সিলেট শাখা বন্ধ থাকায় এ ব্যাপারে কোনো কর্মকর্তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ব্যাংকের হটলাইন নম্বরে যোগাযোগ করেও সিলেট শাখার ব্যবস্থাপক মুজাহিদুল ইসলাম ভুইয়ার ফোন নম্বর পাওয়া যায়নি।

এ ঘটনার পর পাকিস্তানি মালিকানাধীন এই ব্যাংকের সিলেট শাখা পরিদর্শন করেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন।

সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, 'সহকারী কমিশনার ঘটনাস্থলে গিয়ে জাতীয় পতাকা অসম্মানজনক অবস্থায় পাননি। তবে আমরা এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিচ্ছি। হাবিব ব্যাংকের সিলেট শাখার ব্যবস্থাপকের সঙ্গে কথা হয়েছে। তিনি এ ব্যাপারে লিখিত ব্যাখ্যা দেবেন। তার ব্যাখ্যা পাওয়ার পর আমরা আইনি ব্যবস্থা নেব।'