চাঁদপুরে শিক্ষামন্ত্রী

সময়মতো পাঠ্যবই ছাপানো বড় চ্যালেঞ্জ

নতুন বছরের পাঠ্যপুস্তক সময়মতো ছাপানোর ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ রয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল সোমবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী ব্যাপারী প্রমুখ।

শিক্ষামন্ত্রী বলেন, ‘এবার বড় একটা চ্যালেঞ্জ আসছে। কাগজের মূল্য বৃদ্ধি পাচ্ছে, কাগজের সংকটও আছে, তাছাড়া লোডশেডিংয়ের বিষয়টিও আছে। আশা করছি, আগামী মাস থেকে লোডশেডিং থাকবে না। কিছু চ্যালেঞ্জ আছে আমাদের পুস্তকগুলো সময়মতো ছাপানোর ক্ষেত্রে। তবুও আমরা চেষ্টা করছি, আশা করি সময়মতো করা যাবে ইনশাআল্লাহ।’

শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ দিন ক্লাস নেওয়ার ব্যাপারে ডা. দীপু মনি বলেন, ‘আমাদের আগামী বছর থেকে নতুন শিক্ষাক্রমে সপ্তাহ হবে পাঁচ দিনের। বিদ্যুৎ সাশ্রয়ের যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে সেখানে যদি আমরা এখন থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস পাঁচ দিন করি, সে ক্ষেত্রে একটা দিন বিশেষ করে শহরগুলোতে যানবাহনের পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ও হবে। সেজন্য আমরা এ সিদ্ধান্ত নিতে যাচ্ছি। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস পাঁচ দিন করা হলে এমনভাবে পুনর্বিন্যাস করতে চাই যাতে করে শিক্ষার্থীদের পাঠদানে কোনো সমস্যা না হয়।’ তিনি আরও বলেন, ‘আমরা যে শিখন ঘাটতি নিরূপণ করেছি, সেটি পুষিয়ে নেওয়ার জন্য আমাদের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।’

পরে মন্ত্রী জেলা প্রশাসন আয়োজিত জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় যোগ দেন। বিকেলে চাঁদপুর সদর হাসপাতালে ভাষাবীর এমএ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে হুইলচেয়ার ও ট্রলি বিতরণ অনুষ্ঠান এবং জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর প্রেস ক্লাব আয়োজিত আলোচনা সভায় অংশ নেন।