‘তেলের দাম নিয়ে জনগণকে সুড়সুড়ি দিচ্ছে বিএনপি-জামায়াত’

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, দেশ এখন এগিয়ে যাচ্ছে। আর বিএনপি-জামায়াত জোট তারা কি করছে। খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছেন। মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন। তারেক জিয়াও একজন সাজাপ্রাপ্ত আসামি। লন্ডনে বসে বসে রাজনীতি করে। 

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বিএনপি-জামায়াত জোট জনগণকে বিভ্রান্ত করছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আজকে বিএনপি-জামায়াত আপনাদের বিভ্রান্তি করার চেষ্টা করছেন। তেলের কথা বলে তারা সুযোগ নিচ্ছেন এবং  জনগণকে সুড়সুড়ি দিচ্ছে। 

বুধবার (১৭ আগস্ট) দুপুরের দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলা চত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ২০০৫ সালের ১৭ আগস্ট ৬৩ জেলায় একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে পথসভায় এসব কথা বলেন তিনি। 

প্রতিমন্ত্রী বলেন, দেশে ডিজেল আমদানি করা হয় বাইরের রাষ্ট্রগুলো থেকে। তার মধ্যে রাশিয়া, ইউক্রেন আছে। আপনারা জানেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ হচ্ছে। চীন-তাইওয়ান হাঙ্গামা বেঁধেছে। সারা পৃথিবীতে একদিকে করোনা, অন্যদিকে যুদ্ধ। এতে আন্তর্জাতিকভাবে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। আমরা কিছুটা দাম বাড়িয়েছি। হাজার হাজার কোটি টাকা ডিজেলে ভুর্তকি দিচ্ছি। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ডিজেলে দাম নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে দাম কমালে আমরাও দাম কমিয়ে দিবো।

পথসভায় আরও বক্তব্য রাখেন, রৌমারী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শৌলমারী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মিনু, উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের সাবেক সভাপতি শেফালী আক্তার, উপজেলা ছাত্রলীগ নেতা জনি মন্ডল, ইমরান খাঁন প্রমুখ।