ডিসি অফিসের সামনে লাশ রেখে বিক্ষোভ

ঝালকাঠিতে এক নারীর মরদেহ নিয়ে বিক্ষোভ করেছেন স্বজনরা। গতকাল বুধবার দুপুরে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়, সদর থানা ও প্রেস ক্লাবের সামনে মৃত তাসলিমা বেগমের স্বজনরা তার লাশ রেখে বিক্ষোভ করেন।

তাসলিমা বেগমের স্বজনদের অভিযোগ, ঝালকাঠি শহরের কলাবাগান এলাকার দিনমজুর খোকন বিশ্বাসের স্ত্রী তাসলিমা বেগমকে (৩৫) গত ১৫ এপ্রিল প্রতিপক্ষ কোপায়। চার মাস চিকিৎসাধীন থাকার পর বরিশাল সদর হাসপাতালে গতকাল বুধবার তাসলিমা মারা যান।

তাসলিমার স্বামী খোকন বিশ্বাসের অভিযোগ, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশী সাইফুল, এলিন ভূইয়া, নুর জামাল ভূইয়া, শামীম ভূইয়া, শহিদুল ইসলাম ও মো. বাদশা মিলে তাসলিমা বেগমকে দিগম্বর করে বেধড়ক পেটায় এবং ধারালো দা দিয়ে কুপিয়ে আহত করে।

ঝালকাঠি সদর থানার ওসি খলিলুর রহমান বলেন, এ ঘটনায় আগেই একটি মামলা হয়েছে। সেটি তদন্তাধীন। এ মৃত্যু একই ঘটনায় ঘটে থাকলে আগের মামলার সঙ্গে এই ঘটনা উল্লেখ করে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।