ঝিনাইদহের সদর উপজেলার বাগডাঙ্গা ও রতনহাট গ্রামে নির্বাচন পরবর্তী হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। এসময় ২০টি বাড়িঘর ভাঙচুর করা হয়।
গত মঙ্গলবার রাতে সদর উপজেলার সুরাট ইউনিয়নের রতনহাট ও বাগডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সদর উপজেলার সুরাট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আশরাফুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান কবির হোসেন জোয়ার্দ্দারের সমর্থকদের মধ্যে নির্বাচন নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার রাতে কবির হোসেনের এক সমর্থককে মারধর করে আশরাফুলের সমর্থকরা। এতে সাবেক চেয়ারম্যান কবির হোসেনের সমর্থক অন্তত ৫ জন আহত হন। পরে রাতভর রতনহাট ও বাগডাঙ্গা গ্রামের কবির হোসেনের সমর্থকদের ২০টি বাড়ি ঘর ভাঙচুর করে আশরাফুলের লোকজন।
সাবেক চেয়ারম্যান কবির হোসেন দাবি করেন, বর্তমান চেয়ারম্যান আশরাফুল ইসলাম নির্বাচনে বিজয়ী হয়ে আমার নেতাকর্মীদের ওপর একের পর এক হামলা করে যাচ্ছে।
তবে, বর্তমান চেয়ারম্যান আশরাফুল ইসলাম বলেন, আমি কিছুই জানি না। রাতে সদর থানার ওসি আমাকে ফোন করে বলেন, ‘আপনার লোকজন মারামারি করছে। বিষয়টি দেখেন।’