এবার ছেলেদের এনসিএলও শুরু হতে পারে টি-টোয়েন্টি দিয়ে

মেয়েদের এনসিএল শুরু হয়েছে আজ থেকে। টি-টোয়েন্টি ফর‌ম্যাটের এই টুর্নামেন্টের সব ম্যাচ হবে সিলেটে। মেয়েদের পর ছেলেদের এনসিএলও শুরু হবে শীঘ্রই। সেখানের ৪ দিনের খেলা শুরুর আগে টি-টোয়েন্টি ফরম্যাট আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি। এই উদ্যোগ মাঠে গড়ানোর সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত বলেই জানা গেছে।

বুধবার জাতীয় ক্রিকেট লিগ আয়োজন নিয়ে বিসিবির টুর্নামেন্ট কমিটির সভা হয়েছে। জানা গেছে, সেখানেই এমন কথা হয়েছে। আগামী ২০-২১ আগস্ট নাগাদ সব কিছু চূড়ান্ত হবে বলে সূত্র জানিয়েছে।

মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবং ক্রিকেটাররা যাতে দেশ ছাড়ার আগে টি-টোয়েন্টি খেলে যেতে পারেন, সেই চিন্তায় এবার জাতীয় লিগ টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে শুরুর উদ্যোগ নেওয়া হচ্ছে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।

জাতীয় ক্রিকেট লিগ শুরুর আগে কিছু ধাপ-পর্যায় আছে। ক্রিকেটারদের ফিটনেস ট্রেনিং, ফিটনেস টেস্ট, ব্লিপ টেস্ট হবে। সেগুলো অতিক্রমের পর বল গড়াবে ২২ গজের পিচে। তাই প্রাথমিক প্রস্তুতি আগেভাগে শুরু হলেও এবারের জাতীয় লিগ শুরুর সম্ভাব্য তারিখ ১০ অক্টোবর। তবে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, এই সময়টা এক সপ্তাহ কিংবা দিন দশেক এগিয়ে আসতে পারে।