চট্টগ্রামের আনোয়ারায় এক যুবকের দায়ের কোপে সুনীল কান্তি নাথ (৫২) নামের এক ব্যক্তি খুন হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার বারশত ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ক্ষেত্রমোহন নাথের বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত ওই যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন।
আটক ওই যুবক অসংলগ্ন আচরণ করছেন বলে পুলিশ জানিয়েছে।
আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবক নিজেকে কখনো সোহেল আবার কখনো সানাউল্লাহ পরিচয় দিচ্ছেন।
নিহত সুনীল ওই এলাকার মৃত ক্ষেত্রমোহন নাথের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে সুনীল তার বাড়ির সামনে পুকুরপাড়ে গাছের ডাল কাটছিলেন। এ সময় তার সঙ্গে কাজ করছিলেন প্রতিবেশী দিনমজুর পরিমল নাথ। কিছুক্ষণ পর অপরিচিত এক যুবক এসে তাদের সঙ্গে কাজ করতে চান। কাজের একপর্যায়ে ওই যুবক ভাত খাওয়ার জন্য তাদের বিরক্ত করেন।
প্রত্যক্ষদর্শী পরিমল নাথ বলেন, ‘পুকুরপাড়ে গাছের ডালপালা কাটার সময় অপরিচিত ওই লোক এসে আমাদের বলে, সেও কাজ করবে। কাজ করার কিছুক্ষণ পর ভাত খাওয়ার কথা বললে, আমি তার জন্য ভাত আনতে ঘরে যাই। ওই সময় লোকটি তার হাতে থাকা দা দিয়ে সুনীলের ঘাড়ে কোপ দেয়।’
পরে গুরুতর আহত সুনীলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে সুনীলকে কোপানোর পর ওই যুবক পালিয়ে পাশের বাড়ির একটি ঘরে ঢুকে ভেতরে দরজা বন্ধ করে দেন। এ সময় স্থানীয় লোকজন জড়ো হয়ে তাকে ধরতে গেলে তিনি কয়েকজনকে আঘাত করেন। পরে স্থানীয়রা ওই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, ছদ্মবেশী ওই যুবকটি গত দুই দিন ধরে এলাকায় ঘোরাঘুরি করছেন। তার কথাবার্তা অসংলগ্ন হলেও পোশাক-আশাকে তেমন মনে হয়নি। লোকটির বাড়ি ভোলা জেলায় বলে লোকজনকে বলছিলেন। এলাকার কেউ কেউ ভাবছিলেন লোকটি দিনমজুরের কাজ করতে এসেছেন।
বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ্ বলেন, সকালে অভিযুক্ত লোকটিকে ধরতে কয়েকশ জন সেখানে জড়ো হয়েছিল। তখন অপরিচিত ওই লোকের হামলায় তিনিসহ কয়েকজন আহত হয়েছেন।
আনোয়ারা থানার ওসি (তদন্ত) আবদুর রহিম সরকার বলেন, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক যুবকটি অসংলগ্ন আচরণ করছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।