১০০০ কোটি চাইছেন সালমান!

ছবির বাজার হয়তো খুব একটা ভালো যাচ্ছে না এখন সালমান খানের। তবে বাজার যেমনই হোক, নিজের দর বাড়াচ্ছেন সালমান। 'কাভি ঈদ কাভি দিওয়ালি' মুক্তি পেতে পেতে বছর শেষ। তার আগে কি তবে বিগ বস ১৬-এর সঞ্চালনা দিয়ে ভবিষ্যৎ সুরক্ষিত করতে চাইছেন ভাইজান? পারিশ্রমিক হেঁকেছেন ১০০০ কোটি রুপি! যা শুনে চোখ কপালে ব্যবস্থাপকদের। অঙ্কটা যে আগের চেয়ে তিনগুণ বেশি! অতএব, নতুন শোয়ের দিনক্ষণের বদলে খবরের শিরোনামে এখন সঞ্চালক স্বয়ং।

বিগ বস ১৫-তে সঞ্চালক হিসাবে সালমানের পারিশ্রমিক ছিল ৩৫০ কোটি টাকা। চলতি বছর অক্টোবরে শুরু হতে চলা বিগ বস ১৬র ক্ষেত্রে কেন এমন আকাশছোঁয়া চাহিদা সালমানের, সে নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি।

তবে হঠাৎ করেই কি বেশি টাকার প্রয়োজন হয় পড়ল ভাইজানের? সে সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। সম্প্রতি নিরাপত্তা জোরদার করতে আগ্নেয়াস্ত্র কাছে রাখার আইনি অনুমতি নিয়েছেন সালমান। বুলেটপ্রুফ গাড়িও নাকি কিনেছেন!

জানা গেছে, এবারের 'বিগ বস'-এর থিম নাকি মহাসাগর। ৫টি ধাপ উত্তীর্ণ হলে তবেই মূল শোতে আসতে পারবেন প্রতিযোগীরা। সেই ধাপগুলো পেরিয়ে বিগ বস ১৬ তে যাদের উপস্থিতি এখনো অবধি নিশ্চিত বলে ধরা যাচ্ছে সে তালিকায় আছেন মুনাওয়ার ফারুকী, ফয়জল শেখ, শিভিন নারং এবং ভিভিয়ান সেনা। এ ছাড়াও প্রতিযোগীদের মধ্যে পুনম পাণ্ডে, অঞ্জলি অরোরা, অঙ্কিতা লোখান্দে, শাইনি অহুজার মতো আরো বহু তারকা তাদের ব্যক্তিগত জীবন নিয়ে ধরা দেবেন ক্যামেরার সামনে। সূত্র : দ্য ইকোনমিক টাইমস, টাইমস অব ইন্ডিয়া