অভ্যন্তরীণ কোন্দল আর আহ্বায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে মাদারীপুরের শিবচরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কমিটি থেকে ২২ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন।
গত বুধবার রাত ৯টার দিকে শিবচর বাজারের ইলিয়াছ আহমেদ চৌধুরী পৌর সুপার মার্কেটের একটি দোকানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই পদত্যাগের ঘোষণা দেওয়া হয়। এতে ৬ জন যুগ্ম আহ্বায়ক ও ১৬ জন সদস্য একযোগে পদত্যাগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ব্যাপারী।
জানা যায়, গত ১৫ আগস্ট স্বেচ্ছাসেবক দলের শিবচর উপজেলা কমিটির আহ্বায়ক কামরুজ্জামান মিলন ও সদস্য সচিব মনজিল রহমান শিহাবের নেতৃত্ব একযোগে উপজেলার ১৮টি ইউনিয়নের কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য নেতাদের অভিযোগ, তাদের সঙ্গে কোনো আলাপ-আলোচনা না করে করা হয়েছে এসব কমিটি। এতে কমিটির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। এরই জেরে একযোগে নেতাকর্মীরা পদত্যাগ করেন।