কাবুলের মসজিদে বোমা বিস্ফোরণে নিহত ২১

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে শক্তিশালী বোমা বিস্ফোরণে ২১ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন।

আলজাজিরার প্রতিবেদনে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় নামাজ চলাকালে সিদ্দিকিয়া মসজিদের ভেতরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে মসজিদের ইমাম মুল্লাহ আমির মোহাম্মদ কাবুলিও আছেন।

ঘটনার বর্ণনায় বার্তা সংস্থা রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘অনেক মানুষকে মারা যেতে দেখেছি। এমনকি বিস্ফোরণের ধাক্কায় কয়েকজন মসজিদের জানালা দিয়ে ছিটকে বাইরে এসে পড়েন।’ 

কাবুলে জরুরি স্বাস্থ্য সেবাদাতা ইতালীয় সংস্থা ‘ইমারজেন্সি’র প্রধান জানান, তারা অন্তত ৩৫ জন আহতকে চিকিৎসা দিয়েছেন। হতাহতদের বেশিরভাগের শরীরে বিস্ফোরণের খণ্ডাংশ এবং পোড়া ক্ষত রয়েছে। তার ধারণা, বিস্ফোরণের কাছাকাছি যারা ছিলেন তাদের প্রায় সবাই নিহত হয়েছেন।  

এখনো কেউ এ ঘটনায় দায় স্বীকার করেনি। এই শক্তিশালী বিস্ফোরণের কয়েক দিন আগে তালেবানদের আধ্যাত্মিক নেতা শেখ রহিমুল্লাহ হাক্কানি আত্মঘাতী বোমা হামলায় নিহত হন। ওই হামলায় আফগানিস্তানে সক্রিয় হয়ে ওঠা ইসলামিক স্টেট অব খোরাসান প্রভিন্সের (আইএস-কে) বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠে। 

এদিকে, মসজিদে বোমা হামলার ঘটনায় দায়ীদের খুঁজে বের করা হবে বলে টুইটারে ঘোষণা দিয়েছেন তালেবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ। টুইটে তিনি লিখেন, ‘সাধারণ মানুষের হত্যাকারী, অপরাধীরা খুব শিগগির শাস্তি পাবে।’

প্রসঙ্গত, আফগানিস্তানে তালেবান শাসনের এক বছর পূর্তি হয়েছে। ক্ষমতায় এসে আফগানিস্তানে নিরাপত্তা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেয় তারা। সাম্প্রতিক হামলাগুলো তাদের সেই প্রতিশ্রুতিকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে। দীর্ঘদিন ধরে পশ্চিমাদের সঙ্গে তালেবানের লড়াইয়ের সুযোগে সক্রিয় হয়েছে আইএস-কে। এ বছরের জুনে কাবুলের একটি শিখ উপাসনালয়ে হামলা করে দুজনকে হত্যার দায় স্বীকার করে সন্ত্রাসী গোষ্ঠীটি।