বাড়তি দরে ডলার বিক্রি

৬ ব্যাংকের এমডিকে শোকজ

অতিরিক্ত দরে ডলার বিক্রি করায় ট্রেজারি প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়ে ৬ ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে এ-সংক্রান্ত চিঠি পাঠিয়ে ৭ কর্মদিবসের মধ্যে এর জবাব দিতে বলা হয়।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম গতকাল বৃহস্পতিবার দেশ রূপান্তরকে বলেন, অতিরিক্ত দরে ডলার বিক্রির সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত ৮ আগস্ট কেন্দ্রীয় ব্যাংক ৫টি ব্যাংক ও একটি বিদেশি ব্যাংককে চিঠি দিয়েছিল। এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে সেই কৈফিয়ত চেয়ে গত বুধবার ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালককে আবার চিঠি দেওয়া হয়েছে। চিঠির জবাব দেওয়ার জন্য ৭ কর্মদিবস সময় দেওয়া হয়েছে।’

আমদানিজনিত মূল্যবৃদ্ধির ফলে সম্প্রতি দেশে ডলারের সংকট দেখা দিলে ব্যাংকগুলো সেই সংকটকে কাজে লাগিয়ে বাড়তি মুনাফা করে। বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের নজরে এলে তা খতিয়ে দেখে নিয়ন্ত্রক সংস্থাটি। ৫টি দেশি ও একটি বিদেশি ব্যাংক অতিরিক্ত মুনাফা করে ডলার বিক্রি করার প্রমাণ পায় বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে বিদেশি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকও রয়েছে। এ ছাড়া ৫টি দেশি ব্যাংকের মধ্যে ডাচ্-বাংলা, সিটি, প্রাইম, ব্র্যাক ব্যাংক রয়েছে।

এর আগে ব্যাংকের পাশাপাশি খোলাবাজারে অতিরিক্ত দরে ডলার বিক্রি করায় সম্প্রতি বেশ কটি মানি চেঞ্জার প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করা হয়। বেশ কটি মানি চেঞ্জার প্রতিষ্ঠানকে কারণ দর্শানো নোটিসও দেওয়া হয়।