এশিয়া কাপ থেকেই নতুনের আবাহন থাকবে বাংলাদেশ দলে এমন আভাস দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেটা যে টি-টোয়েন্টি ঘিরে সেটাও ছিল অনুমিতই। সব কিছুতে নতুন মাইন্ডসেটের কথাও বলেছিলেন বিসিবি প্রধান। তার সে আভাস সত্যি হলো ২৪ ঘণ্টার মধ্যেই। ভারতের সাবেক অলরাউন্ডার শ্রীধরন শ্রীরাম টাইগারদের টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালটেন্ট হয়ে আসছেন।
বৃহস্পতিবার রাত থেকেই গুঞ্জন, হেড কোচ পদে রদবদল হচ্ছে বাংলাদেশ দলে। টি-টোয়েন্টি হেড কোচ থাকছেন না রাসেল ডোমিঙ্গো। প্রথমে শোনা গেল, তার বদলে টি-টোয়েন্টি ফরম্যাটে টাইগারদের হেড কোচ হচ্ছেন ব্যাটিং কোচ জেমি সিডন্স। পরে শোনা গেল ভারতের সাবেক অলরাউন্ডার শ্রীধরন শ্রীরাম ডমিঙ্গোর স্থলাভিষিক্ত হতে পারেন। তবে তখনও এসব শুধুই গুঞ্জন, আনুষ্ঠানিকভাবে কিছুই জানা যায়নি।
যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, গুঞ্জন নয়, সত্যিই বাংলাদেশের টি-টোয়েন্টি কোচ থাকছেন না রাসেল ডোমিঙ্গো। তার বদলে খুব শীঘ্রই টাইগারদের নতুন কোচ নিয়োগ দেওয়া হবে। তবে কাকে দেওয়া হবে- তা এখনও নির্ধারিত হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ পরিচালকের দেওয়া বলেন, ‘আগামী ২৭ তারিখ থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপে টিম বাংলাদেশের হেড কোচ থাকছেন না ডোমিঙ্গো। তার বদলে একজনকে হেড কোচ করে পাঠানো হবে। তবে তিনি কে? তা এখনও চূড়ান্ত হয়নি।’
এদিকে সূত্র নিশ্চিত করেছে, এশিয়া কাপের আগেই টিম বাংলাদেশের টি-টোয়েন্টি ফরম্যাটে নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়া হচ্ছে এবং তিনি এশিয়া কাপের আগেই দলের সঙ্গে যুক্ত হবেন। সূত্র জানিয়েছে, সেই উপদেষ্টা (টেকনিক্যাল অ্যাডভাইজার) হলেন ভারতের শ্রীধরন শ্রীরাম। আসন্ন এশিয়া কাপের আগেই তিনি টিম বাংলাদেশের সঙ্গে যুক্ত হবেন।
তবে শ্রীরামকেই এশিয়া কাপে হেড কোচ হিসেবে দেখা যাবে কি না- তা নিশ্চিতভাবে জানা যায়নি। সূত্র জানিয়েছে, শ্রীরাম দলের সঙ্গে যুক্ত হবেন, তবে সেটি টেকনিক্যাল অ্যাডভাইজার পদে। পরে তাকে হেড কোচ পদে নিয়োগ দেওয়া হবে কি না? তা নিশ্চিত করে জানা যায়নি। কিন্তু এ ভারতীয় সাকিব বাহিনীর সঙ্গে এশিয়া কাপে কাজ করবেন- এটা নিশ্চিত।
বাংলাদেশ টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ খেলতে যাবে নতুন হেড কোচ বা টেকনিক্যাল অ্যাডভাইজারের অধীনে। আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বে টিম বাংলাদেশ। তার আগেই নতুন টেকনিক্যাল অ্যাডভাইজার শ্রীরামের দলের সঙ্গে যোগ দেওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।