সাগরে ৫ মাছধরা ট্রলার ডুবে নিখোঁজ ১৬

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে অন্তত ৭০ জেলেসহ পাঁচটি মাছধরা ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এর মধ্যে, নিখোঁজ হয় ১৬ জেলে। 

শুক্রবার (১৯ আগস্ট) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলারগুলো হলো এমবি মা-মনি(৩), এফবি সাইফুল, এফবি আল মামুন, এফবি কুলসুম ও এফবি রফিক মিঝি। এফবি রফিক মিঝির ট্রলারে থাকা জেলেদের বাড়ি ভোলার হাজারীগঞ্জে। বাকি ৪ ট্রলারে থাকা জেলেদের বাড়ি পটুয়াখালীর মহিপুরে। উদ্ধার হওয়া জেলেদের কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাপাতাল, মহিপুর উপ-স্বাস্থ্যকেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

ট্রলারডুবির বিষয়টি নিশ্চিত করেছেন আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়ৎ মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা। 

উদ্ধার হওয়া জেলেরা জানায়, হঠাৎ ঝড়ে সাগরের উত্তাল ঢেউয়ের কবলে পরে ট্রলার পাঁচটি ডুবে যায়। এসময় পাশে থাকা অন্য ট্রলারের মাধ্যমে ৫৪ জেলে উদ্ধার হলেও এখনো নিখোঁজ রয়েছে ১৬ জেলে। নিখোঁজদের মধ্যে রয়েছেন এফবি কুলসুমের ১৪ জেলে, এফবি রফিক মিঝি ট্রলারের মালিক রফিক মিঝি (৬০) এবং ঢেউয়ের তোড়ে সাগরে পরে নিখোঁজ এফবি মরিয়ম ট্রলারের মাঝি এছাহাক (৪৫)। 

নিজামপুর কোষ্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার সেলিম মন্ডল জানান, সাগরে ট্রলার ডুবির খবর পেয়েছি। আমাদের টহল টিম সাগরে রয়েছে এবং উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এছাড়া এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।