৯ সপ্তাহ পর করোনা শনাক্ত হার তিনের ঘরে

গত দুদিন ধরে দেশে করোনা রোগী শনাক্ত হার তিন শতাংশের ঘরে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৩ দশমিক ৩৭ শতাংশ ও তার আগের দিন গত বৃহস্পতিবার ছিল ৩ দশমিক ৫২ শতাংশ। এর ফলে টানা ৬৪ দিন বা ৯ সপ্তাহ ১ দিন পর শনাক্ত হার কমে ৩ শতাংশের ঘরে নেমে এলো। এর আগে এর চেয়ে কম শনাক্ত হার ছিল ১৫ জুন, ৩ দশমিক ৮৮ শতাংশ।

দুদিনের ব্যবধানে দৈনিক করোনা রোগী শনাক্ত আবার ১০০-এর নিচে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত হয়েছে ৯৩ জন। এর আগে গত ১৬ আগস্ট একইসংখ্যক রোগী শনাক্ত হয়েছিল। এর আগে এর চেয়ে কম ৭১ জন রোগী শনাক্ত হয়েছিল গত ১১ জুন। এ পর্যন্ত রোগী শনাক্ত হয়েছে ২০ লাখ ৯ হাজার ৬৯৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি। এ নিয়ে এ মাসে পাঁচ দিন মৃত্যুশূন্য ছিল দেশ। সর্বশেষ গত ১৬ ও ১৭ আগস্ট টানা দুদিন করোনায় কোনো মৃত্যু ছিল না। এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছে ২৯ হাজার ৩১৫ জন।