অনুশীলনেও নিজেকে খুঁজে বেড়াচ্ছিলেন রিয়াদ

দুপুর তখনও গড়ায়নি। বাইরে ভ্যাপসা গরমে অতিষ্ঠ সবাই। তবে মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট মাঠে তখন শীতল বাতাস বইছিল। তখনই চোখটা গেল সেন্টার উইকেটের দিকে। টাইগারদের অনুশীলন জার্সি গায়ে ব্যাটিং প্রস্তুতি নিচ্ছিলেন এক ব্যাটার। তাসকিন, সাইফউদ্দিন, এবাদতদের বল মোকাবেলা করছিলেন তিনি। কিন্তু প্রস্তুতির শুরুতে যেন বলের সঙ্গে ব্যাটের সংযোগই ঘটাতে পারছিলেন না। অনুশীলনেই ছন্নছাড়া এই ক্রিকেটার।

অনুশীলনে যিনি ব্যস্ত ছিলেন, তিনি মাহমুদউল্লাহ রিয়াদ। সেই ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই যার ব্যাটিং নিয়ে সমালোচনা তুমুল। জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দল থেকে তাকে প্রথমে বিশ্রাম দেওয়া হয়েছিল। কিন্তু পরে তার অন্তর্ভুক্তি সমালোচনার জন্ম দিয়েছে। ওয়ানডেতে দলে সব ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন। কিন্তু স্ট্রাইক রেট ইস্যুতেও তার ব্যাটিং পদ্ধতি হয়েছে প্রশ্নবিদ্ধ।

সেসব সমালোচনার জবাব দিতেই যেন এশিয়া কাপের আগে নিজেকে ঝালাই করে নিচ্ছিলেন। আজ থেকে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া জাতীয় দলের অনুশীলনকে প্রস্তুতি মঞ্চ বানাতে চাইছিলেন। তবে এখানেও নিজেকে যেন খুঁজে বেড়াচ্ছিলেন রিয়াদ। ব্যাটের আর বলের যেন সমন্বয় ঘটাতেই হিমশিম খাচ্ছিলেন তিনি।

প্রথমে রিয়াদের ব্যাটিং পর্যবেক্ষণ করছিলেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। মাঝে মধ্যে ভুল ধরিয়ে দিচ্ছিলেন পরামর্শও। তবুও যেন নিজেকে খোঁজে পাচ্ছিলেন না রিয়াদ। এক পর্যায়ে টাইগারদের ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট এগিয়ে এলেন। ম্যাকডারমটের পরামর্শের পর যেন ধীরে ধীরে বলের ঠিকানা খুঁজে পায় রিয়াদের ব্যাট।

জিম্বাবুয়ে সিরিজ শেষে আজ প্রথম টাইগারদের দলগত অনুশীলন শুরু হয়েছে। সকাল ১০টায় মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় অনুশীলন। মাঠে নেমেই কোচসহ খেলোয়াড়দের স্ট্রেচিং করতে দেখা যায়। এরপরই শুরু হয় ফিল্ডিং অনুশীলন। প্রস্তুতির এক ঘণ্টা যেতে না যেতেই দুঃসংবাদ। গোড়ালিতে চোট পান হাসান মাহমুদ। প্রথমে পর্যবেক্ষণে নেওয়া হয় তাকে। পরে জানা যায়, চোট সারতে তিন সপ্তাহের মতো সময় লাগবে। এশিয়া কাপে তাই অনিশ্চিত এই পেসার।

টাইগার কোচরা সবাই ছুটি শেষে ফিরেছেন বাংলাদেশে। এতদিন দলগত অনুশীলন না থাকলেও ক্রিকেটাররা প্রতিদিন ব্যক্তিগতভাবে অনুশীলন করেছেন। নেতৃত্ব ফিরে পাওয়া সাকিব আল হাসানও প্রতিদিন অনুশীলন করে গেছেন নিজের চেনা ছন্দে ফেরার জন্য। আজ দলগত অনুশীলন শুরু হলেও দলের সঙ্গে দেখা যায়নি তাকে। সকাল সাড়ে ৮টায় সবার আগেই এসে অনুশীলন সেড়ে যান তিনি।

আজ শনিবার দলগত অনুশীলনের প্রথম দিনে আসন্ন টুর্নামেন্টের স্কোয়াডের বাইরে থাকা খেলোয়াড়রাও এসেছিলেন। চোটের কারণে দলের বাইরে থাকা লিটন দাসকেও মাঠে দেখা গেছে। এছাড়া চোটাক্রান্ত হাত নিয়ে নুরুল হাসান সোহানকেও অনুশীলনে দেখা গেছে। হাতের ক্ষত যে এখনও সাড়েনি, তা হাতে বাঁধা ব্যান্ডেজ দেখেই বোঝা যায়। গ্লাভস হাতে না দাঁড়ালেও অনেকক্ষণ রানিং করতে দেখা গেছে টাইগারদের এই উইকেট কিপার ব্যাটারকে।

টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপকে সামনে রেখে মিরপুরে একদিনই অনুশীলন করার সুযোগ পাবে টাইগাররা। আগামীকাল রবিবার ও আগামী সোমবার নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। পরদিন মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বেন সাকিব-মুশফিকরা। এশিয়া কাপ শুরু হবে আগামী ২৭ আগস্ট থেকে। টুর্নামেন্টে বাংলাদেশ আগামী ৩০ আগস্ট নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে।