সাতক্ষীরার মুন্ডা পল্লিতে হামলায় গুরুতর আহত নরেন্দ্র মুন্ডার মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে মুন্ডা সম্প্রদায়ের জমি জবরদখলে বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত নরেন্দ্র নাথ মুন্ডা (৭০) মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২০ আগস্ট) বিকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে শুক্রবার সকালে শ্যামনগরের ধুমঘাটে আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের জমি দখলে নিতে হামলা চালায় শ্রীফলাকাটি গ্রামের রাশেদুল ইসলাম ও ইবাদুল ইসলামের নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী।

এ ঘটনায় শনিবার সকালে ফণীন্দ্র মুন্ডা বাদি হয়ে ৩০ জন জ্ঞাত ও ১৬০-১৭০ জনকে অজ্ঞাত আসামি করে শ্যামনগর থানায় মামলা করা হয়। মামলায় শ্রীফলাকাটি এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন, বংশীপুর গ্রামের নুর হোসেন ও শ্রীফলাকাটি গ্রামের নুর মোহাম্মদ।

মামলা সূত্রে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, ধুমঘাট গ্রামে আদিবাসি মুন্ডা সম্প্রদায়ের সাড়ে ২৭ বিঘা জমির দখল নিতে শুক্রবার হামলা চালানোর অভিযোগ উঠে শ্রীফলকাটি গ্রামের এবাদুল ইসলামের নেতৃত্বে দুই শতাধিক ভাড়াটিয়া সন্ত্রাসীর বিরুদ্ধে। দখল পেতে বাধা দেওয়ায় মু-াদের পিটিয়ে জখম করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় রিনা মুন্ডা (৩৫), সুলতা মুন্ডা (৪০), বিলাশী মুন্ডা (৩৬) ও নরেন্দ্রনাথ মুন্ডাকে (৭০)। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় নরেন্দ্র মুন্ডা শনিবার মারা
গেছেন।