খাগড়াছড়ির পানছড়িতে এক ব্যক্তির বিরুদ্ধে ভূমি জবরদখল, মিথ্যা মামলা দায়ের, হুমকি ও হয়রানির অভিযোগ এনে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। গতকাল শনিবার সকালে পানছড়ি বাজার এলাকায় এ মানববন্ধন হয়।
ব্যবসায়ীদের অভিযোগ, তারা পার্বত্য জেলা পরিষদের আওতাধীন বাজার ফান্ডের মাধ্যমে প্লট নিয়ে ব্যবসা করছেন। কিন্তু পানছড়ির ‘চিহ্নিত ভূমিদুস্য, মামলাবাজ’ আবদুল করিম এসব প্লট নিজের জায়গা দাবি করে আসছেন। বিভিন্ন সময় ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানি করছেন। এমনকি ব্যবসায়ীদের দোকানে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন।
অভিযোগ অস্বীকার করে আবদুল করিম বলেন, ‘আমি প্লটের দখল পাওয়ার জন্য ১৯৯৯ সালে আদালতে মামলা করেছি। আদালত আমার পক্ষে রায় দিলেও ব্যবসায়ীরা আমার জমি দখল করে আছে।’