টাইগারদের প্রস্তুতি ম্যাচে খেলবেন এইচপি টিমের ৭ জন

এশিয়া কাপের আগে খুব বেশি প্রস্তুতির সুযোগ পাচ্ছে না বাংলাদেশ। তাই নিজেদের ঝালিয়ে নিতে টাইগাররা দু ভাগে বিভক্ত হয়ে ম্যাচ খেলবে। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের সেই ম্যাচে টাইগারদের সঙ্গে খেলবেন এইচপি দলের ৭ সদস্যও। ধারণা করা হচ্ছে, টিম বাংলাদেশের টি-টোয়েন্টির টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামও এই দুটি অনুশীলন ম্যাচ দেখবেন।

দুই দিনের প্রস্তুতি ম্যাচের জন্য এশিয়া কাপ স্কোয়াডের ১৪ জন (নুরুল হাসান সোহান, হাসান মাহমুদ আর সাব্বির রহমান ছাড়া) এর বাইরে আরও ৭ জন ক্রিকেটারকে ডাকা হয়েছে। জানা গেছে, তারা সবাই হাই পারফরমেন্স ইউনিটের।

ওই ৭ জনের তালিকায় যুব বিশ্বকাপ বিজয়ী বাংলাদেশ দলের অধিনায়ক আকবর আলী, জাতীয় দলে খেলা শামীম পাটোয়ারি, দুই পেসার নাজমুস সাকিব ও মুশফিকুর রহিম আছেন। তারাসহ এইচপির ৭ জনকে এই প্রস্তুতি ম্যাচে দেখা যাবে।

এদিকে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকায় আজ ও কালকের প্রস্তুতি ম্যাচে নেই তিন বছর পর আবার টি-টোয়েন্টি দলে ডাক পাওয়া সাব্বির রহমান।

ভেতরের খবর, প্রস্তুতি ম্যাচে না থাকলেও এশিয়া কাপের স্ট্যান্ডবাই হিসেবে রাখা হবে ৪ জনকে। সেই তালিকায় বাঁ-হাতি টপ অর্ডার সৌম্য সরকার আর বাঁ-হাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীর থাকা একরকম নিশ্চিত বলে জানা গেছে।

ওয়েস্ট ইন্ডিজে এ দলের ওয়ানডে সিরিজ আর জাতীয় দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচে ডাক পাওয়া ৭-৮ তরুণের মধ্য থেকে আরও দুজনকে বেছে নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।