কক্সবাজারে ট্রলারডুবি: আরও ৩ জেলের মরদেহ উদ্ধার

কক্সবাজারের বঙ্গোপসাগরের নাজিরারটেক চ্যানেলে ট্রলার ডুবির ঘটনায় আরও তিন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত দুই দিনে ৫ জন জেলের মরদেহ উদ্ধার করা হল।

রবিবার সকাল সোয়া ১০টার দিকে কক্সবাজারের মহেশখালী চ্যানেল থেকে স্বজনদের সহায়তায় কোস্টগার্ড মরদেহ তিনটি উদ্ধার করে।

উদ্ধার হওয়া মরদেহগুলো হল- কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলেরর পূর্ব হামজার ডেইল গ্রামের হোসেন আহমদ, আবছার, একই ইউনিয়নের মামুনপাড়ার আজিজুল হক।

বিষয়টি নিশ্চিত করেছেন নিশ্চিত করেছেন দুর্ঘটনাকবলিত ট্রলারের মালিক জাকের হোসেন।

স্থানীয় জনপ্রতিনিধি আনোয়ার হোসেন বলেন, ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত ৫ জন জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। যাদের বাড়ি খুরুশকুলে। বৈরী আবহাওয়ার কারণে শুক্রবার বিকেলে কুলে ফেরার পথে ট্রলারটি ডুবে যায়।

এর আগে, শুক্রবার বিকেলে নাজিরারটেক চ্যানেলে ডুবে যায় এফবি মায়ের দোয়া নামে একটি ফিশিং ট্রলার।

ট্রলারে থাকা ১৯ জেলের মধ্যে ৮ জনকে উদ্ধার করে কোস্টগার্ড। অন্য ট্রলারে করে কুলে ফেরেন আরও তিনজন। বাকি নিখোঁজ ৮ জনের মধ্যে শনিবার তৈয়ব ও সাইফুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরপর রোববার সকালে এ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ আছে আরও তিন জেলে।