বখাটের অপমান-ভয়ভীতি সইতে না পেরে কিশোরীর আত্মহত্যা

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বখাটের অপমান সইতে না পেরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে এক কিশোরীর আত্মহত্যা করার অভিযোগ উঠেছে।

রবিবার সকালের দিকে এ ঘটনা ঘটে।

মৃত কিশোরীর নাম মিষ্টি আক্তার (১৬)। তিনি উপজেলার সদর ইউনিয়নের পূর্ব দেওয়ানের খামার গ্রামের ফেডারেশন পাড়ার মুকুল হোসেনের মেয়ে।

পরিবারের বরাত দিয়ে মৃত কিশোরীর মামা আদম আলী জানান, মিষ্টি একটি প্যাকেজিং (ঠোংগা) তৈরির দোকানে কাজ করতেন। গত তিন-চার দিন আগে প্রতিবেশী আছর উদ্দিনের ছেলে নাঈম সরকার (২০) মিষ্টির ঘরে ঢুকে তাকে শ্লীলতাহানির চেষ্টা করেন। পরে বিষয়টি ইউপি মেম্বার সোহরাব আলীকে জানালে তিনি মীমাংসার জন্য একটি সালিশি বৈঠক করেন।

কিন্তু বৈঠকে কোনো সমাধান না হওয়ায় মেম্বার আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন মিষ্টির পরিবারকে। এরপর থেকে নাঈমের পরিবার আইনি পদক্ষেপ না নিতে মিষ্টিকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিয়ে আসছিল। এমনকি বাড়ির বাইরে বের হলেই তারা নানাভাবে ভয়ভীতি দেখাতেন ও গালাগালি করতেন।

তিনি আরও জানান, রবিবার (আজ) সকালে কাজে যাওয়ার উদ্দেশ্য মিষ্টি বাড়ি থেকে বের হলে নাঈম ও তার পরিবারের সদস্যরা অকথ্য ভাষায় গালাগালি করে লাঠি দিয়ে মারার চেষ্টা ও অপমান করেন।

এই অপমান সহ্য করতে না পেরে বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে মিষ্টি আত্মহত্যা করেন।

ঘটনার পর থেকে নাঈমের পরিবারের সদস্যরা পলাতক থাকায় তাদের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) সোহরাব হোসেন কিশোরীর মৃত্যুর কথা নিশ্চিত করে জানান, এর আগে শ্লীলতাহানির চেষ্টার বিষয়টি নিয়ে সালিশি বৈঠক হয়েছিল। সেখানে কোনো সমাধান না হওয়ায় আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।

ভুরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, কিশোরীর লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হবে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।