বগুড়ায় একাধিক হত্যা মামলার আসামির গলাকাটা মরদেহ উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে একাধিক হত্যা মামলার আসামি আখের উদ্দিনের (৪০) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের প্রায় ২শত গজ দূরে ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আখের উদ্দিন বগুড়া সদর উপজেলার চান্দপাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে।

নন্দীগ্রাম থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে ওমরপুর সতীশ চন্দ্র কলেজের পাশে ধানক্ষেত গলাকাটা মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মরদেহের পাশে একটি পালসার মোটরসাইকেল ও হেলমেট পড়ে ছিল। তাকে দুর্বত্তরা পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

নিহত আখের উদ্দিন দুটি হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি বলে জানান তিনি।

এবিষয়ে সাবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার বলেন, এলাকার চিহ্নিত অপরাধী ছিলেন আখের উদ্দিন। এলাকায় তিনি খুব বেপরোয়া ভাবে চলাফেরা করত।