তেল বিক্রির কমিশন, ট্যাংক-লরির ভাড়া বৃদ্ধিসহ ৩ দফা দাবিতে দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে ওয়েল হেড ডিপোর জ্বালানি তেল ব্যবসায়ীরা ১২ ঘণ্টার ধর্মঘট পালন করছেন।
আজ সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ধর্মঘট চলবে। সোমবার ভোর ৬টা থেকে পার্বতীপুর তেল ডিপোর তিন কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনা ওয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ এবং রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। তবে, বিভিন্ন তেল পেট্রল পাম্প থেকে জ্বালানি তেল বিক্রি চলছে। রংপুর বিভাগীয় ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন প্রধান কার্যালয়, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটর, এজেন্ট অ্যান্ড পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন রংপুর বিভাগসহ ৪ সংগঠন এই ধর্মঘট পালন করছে।
দিনাজপুর জেলা পেট্রল পাম্প ও জ্বালানি তেল পরিবেশক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এটিএম হাবিবুর রহমান বলেন, আমরা ১২ ঘণ্টার জন্য প্রতীকী ধর্মঘট পালন করছি। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে আনুপাতিক হারে জ্বালানি তেল বিক্রির কমিশন বাড়াতে হবে। ওয়েল ডিপো হতে ৪০ কি.মি এর বাইরে ট্যাংকলরি ভাড়া বৃদ্ধি করতে হবে। পেট্রল পাম্পের ওপর আরোপিত বিভিন্ন সংস্থার লাইসেন্স প্রথা বাতিল করতে কবে। তিনি আরও বলেন, ২২ আগস্টের মধ্যে যদি দাবি না মেনে নেওয়া হয় তাহলে পরবর্তীতে সারা দেশব্যাপী এই আন্দোলনের ডাক দেয়া হবে।
সোমবার সকাল ১১টায় পার্বতীপুর রেলওয়ে ওয়েল হেড ডিপোর সামনে প্রতীকী ধর্মঘটে উপস্থিত ছিলেন- দিনাজপুর জেলা পেট্রল পাম্প ও জ্বালানি তেল পরিবেশক মালিক গ্রুপের সহ-সাধারণ সম্পাদক আলহাজ রজব আলী সরকার, কোষাধ্যক্ষ আলহাজ মো. আবদুর রশিদ, সড়ক সম্পাদক মো. আলী হোসেন, নির্বাহী সদস্য মো. মানজুর রশিদ, মো. রেজওয়ানুর রশিদ ও রংপুর বিভাগীয় ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন প্রধান কার্যালয়ের সাধারণ সম্পাদক মো: ফজলুল হক ভূইয়া প্রমুখ। তবে, ডিপো থেকেও তেল উত্তোলন বন্ধ রেখে এ ধর্মঘট পালিত হচ্ছে।