আফ্রিদির চোটে পাকিস্তানের স্কোয়াডে হাসনাইন

এশিয়া কাপের স্কোয়াড সবার আগে ঘোষণা করেছিল পাকিস্তান। কিন্তু এবার তাদেরকে স্কোয়াডে পরিবর্তন আনতে হচ্ছে। হাঁটুর চোটে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন তরুণ ডানহাতি পেসার মোহাম্মদ হাসনাইন।

২০১৯ সালে মাত্র ১৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে নাম লিখিয়েছেন হাসনাইন। দ্রুতগতিতে বোলিং করতে পারার সামর্থ্যের কারণে আলাদাভাবে নজর কেড়েছেন এ তরুণ।

পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ৮টি ওয়ানডে ও ১৮টি কুড়ি ওভারের ম্যাচ খেলেছেন হাসনাইন। এরই মধ্যে আন্তর্জাতিক মঞ্চে হ্যাটট্রিক করেছেন তিনি। এছাড়া বিগ ব্যাশ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, ইংলিশ কাউন্টি ক্রিকেটেও খেলেছেন তিনি।

অবশ্য তিন বছরের ক্যারিয়ারে উত্থানের পাশাপাশি পতনও দেখেছেন হাসনাইন। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রশ্নবিদ্ধ অ্যাকশনের কারণে বোলিং করা থেকে নিষিদ্ধ হয়েছিলেন তিনি।

পাকিস্তানের এশিয়া কাপের দল

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলি, ফাখর জামান, হায়দার আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন, শাহনেওয়াজ দাহানি, উসমান কাদির।