ভিডিও পোস্ট করি না, তাই আমার অনুশীলন কেউ দেখে না : সাকিব

সাকিব আল হাসানকে নিয়ে একটা মিথ আছে, অল্প প্রস্তুতি নিয়েই মাঠে নেম যান তিনি। আবার সেসব দিনে তিনি আবার সেরা পারফরমারও হয়ে যান। কোনো কোনো সময় ম্যাচের মূল নায়কের ভূমিকা তার অল্প প্রস্তুতির বিষয়টি আড়াল করে ফেলে। গত শ্রীলঙ্কা সিরিজেই যেমন করোনা থেকে সেরে উঠে একদিনের প্রস্তুতিতেই নেমে গিয়েছিলেন মাঠে। শুধু এই সিরিজই নয়। সাকিবের ক্যারিয়ারের ইতিহাস ঘাটলে এমন উদাহরণ অসংখ্য।

অন্যরা যেখানে লম্বা প্রস্তুতির পরও পারফর্ম করতে পারেন না, সেখানে সাকিব কীভাবে অল্পতেই পারেন? সোমবার টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার পর তার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসে প্রশ্নটি। সাকিব বলছেন, প্রস্তুতির ব্যাপারটা আদতে ওই ক্রিকেটারদের উপলব্ধি। 

তিনি বলেছেন, ‘অল্প প্রস্তুতি আমি কখনো বলবো না। আমার কাছে মনে হয় যতটুকু প্রস্তুতি দরকার, আমি অতটুকু নেই। যেটা হয় যে, ধরেন আমি মিরপুর এসে তিনদিন অনুশীলন করেছি, তার মানে কিন্তু এই না যে আমি তিনদিনই অনুশীলন করেছি।’

সাকিব যোগ করেন,‘মেবি এর আগে হয়তো আমি আরও দশদিন ট্রেনিং করেছি, মিরপুর আসিনি। যেহেতু আপনারা মিরপুরে থাকেন, আমি নিশ্চিত আপনারা দেখতে পাবেন না। আমিও ভিডিও-টিডিও পোস্ট করি না। তো স্বাভাবিকভাবে কেউ জানে না আমি অনুশীলন করছি কি করছি না। ’

নির্দিষ্ট ক্রিকেটারের উপলব্ধিকেই বড় করে দেখছেন সাকিব, ‘আমি নিশ্চিত সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করে সেরা অবস্থায় থেকে কোনো সিরিজ বা টুর্নামেন্ট খেলতে। যদি কারো বেশি লেগে থাকে, এটা দোষের কিছু নাই; যদি কারো কম লাগে, ওটাতেও দোষের কিছু নাই। গুরুত্বপূর্ণ হচ্ছে ওই ক্রিকেটার নিজে বুঝতে পারছে কি না তার কতটুকু দরকার। ’