বিত্তবানদের খাস জমি বন্দোবস্তে দুদকের মামলা

প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের অন্তরালে ৪২ বিত্তবানের নামে ২৫ কোটি টাকা মূল্যের ৭২ একর খাস জমি বন্দোবস্ত কা-ে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির পটুয়াখালী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাভেদ হাবীব বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় কারাগারে অন্তরীণ থাকা সার্ভেয়ার হুমায়ুন কবিরকে প্রধান আসামি করার পাশাপাশি অজ্ঞাতনামাদেরও আসামি করা হয়েছে। গত ১৬ আগস্ট এ মামলা দায়ের করা হয় বলে দুদকের পটুয়াাখালী উপ-পরিচালক মামুনুর রশিদ চৌধুরী গতকাল সোমবার নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘মামলার তদন্তকারী কর্মকর্তা নিয়োগের জন্য দুদক প্রধান কার্যালয়ে অনুমোদনের জন্য প্রেরণ করা হয়েছে। তদন্তে যাদের সম্পৃক্ততার তথ্যপ্রমাণ পাওয়া যাবে তারা সবাই আসামির তালিকায় অন্তর্ভুক্ত হবেন।’

এদিকে জেলা প্রশাসনের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি এ ঘটনায় এখনো তদন্ত প্রতিবেদন জমা দেয়নি। এ বিষয়ে জানতে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।