ফেনীতে এমবিবিএস পাস না করেই ডাক্তার পরিচয়ে পাইলস চিকিৎসাসহ প্রতারণা করায় এক ভুয়া চিকিৎসকের কারাদ- ও অর্থদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে শহরের শহীদুল্লা কায়সার সড়কের মহিপাল চৌধুরী বাড়ি এলাকায় ‘ভুঁইয়া মেমোরিয়াল পাইলস ও পলিপাস চিকিৎসালয় লিমিটেড’-এর স্বত্বাধিকারী মো. আনোয়ার হোসেন ভুঁইয়াকে এ দন্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিখন বণিক।
তিনি জানান, একজন ভুয়া ডাক্তার যিনি এমবিবিএস পাস না করেই নিজেকে ডাক্তার পরিচয় দিচ্ছেন এবং বিএমডিসি সনদ না থাকলেও সার্জারি চিকিৎসা করে যাচ্ছেন এমন তথ্য পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় আনোয়ার হোসেন ভুঁইয়াকে আটক করে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
অভিযানে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএসআর মাসুদ রানা উপস্থিত ছিলেন।