এশিয়া কাপে অংশ নিতে দুবাইয়ের উদ্দেশ্যে আজ মঙ্গলবার বিকেলে দেশ ছেড়েছে বাংলাদেশ। কিন্তু দলের সঙ্গে যেতে পারেননি আনামুল হক বিজয় ও তাসকিন আহমেদ। ভিসা জটিলতার কারণে আগামীকাল তাদের দুবাই যাওয়ার কথা রয়েছে।
বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্রে এই তথ্য জানা গেছে। এ ছাড়া টিম বয় বুলবুলও একই কারণে দলের সঙ্গে যেতে পারেনননি। আগামীকাল যাবেন তাসকিনদের সঙ্গে।
এদিকে দুপুর থেকে গণমাধ্যমকর্মীরা বিমানবন্দরে অপেক্ষা করছিলেন। সব ক্রিকেটার টার্মিনাল টু-এর বিজনেস ক্লাস গেইট দিয়ে প্রবেশ করলেও দেখা মিলছিল না সাকিবের। পরে জানা গেল তিনি ভিআইপি গেইট দিয়ে প্রবেশ করেন। সংবাদকর্মীদের ফাঁকি দিতেই এই সিদ্ধান্ত তার বলার অপেক্ষা রাখে না। সাকিব ভিআইপি গেইট দিয়ে বিমানবন্দরে ঢুকে গেছেন এটা জানতেই কমতে থাকে ভিড়।
সংযুক্ত আরব আমিরাতে শনিবার (২৭ অগস্ট) থেকে শুরু হবে এশিয়া কাপ। আর ফাইনাল হবে ১১ সেপ্টেম্বর। ছয়টি দলকে দুই গ্রুপে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দুই গ্রুপের সেরা দুইটি করে মোট চারটি দল খেলবে সুপার ফোরে। ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে কোয়ালিফায়ার থেকে উঠে আসা একটি দল। আর ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তান।
টুর্নামেন্টের পর্দা ওঠার পরদিনই হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। আর বাংলাদেশের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে ৩০ আগস্ট। এরপর দ্বিতীয় ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে ১ সেপ্টেম্বর। প্রতিযোগিতার ম্যাচগুলো হবে আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।