অনেক দেশের সঙ্গেই যোগাযোগ করা হয়েছিল। চেষ্টা ছিল, অন্তত একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাক সাবিনারা। প্রথমে রাজি হলেও পরে সিদ্ধান্ত বদলে নেয় সংযুক্ত আরব আমিরাত। এরপর আর কেউ রাজি না হওয়ায় প্রস্তুতি ম্যাচ ছাড়াই নেপাল যেতে হচ্ছে নারী ফুটবল দলকে। সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে আগামী ৩ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করবেন সাবিনারা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওমেন্স ফুটবল কমিটির চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমরা কয়েকটি দেশের সঙ্গে ম্যাচ খেলার চেষ্টা করেছিলাম। একটি দেশ তো আসতে চেয়েও আসলো না। এখন আর সময়ও নেই। তাই ফুটবল দলের সাফের আগে প্রস্তুতি ম্যাচ খেলা হচ্ছে না।’
এদিকে বাফুফে ওমেন্স ফুটবল কমিটির এক সভা মঙ্গলবার ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। নেপালে অনুষ্ঠিতব্য নারী সাফ চ্যাম্পিয়নশিপ এবং আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপ নিয়ে আলোচনা হয়েছে সভায়। কমিটির চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ, দুটি টুর্নামেন্টে বাংলাদেশের প্রস্তুতি সম্পর্কে কমিটির সদস্যদের অবহিত করেছেন।
আগামী ৬ সেপ্টেম্বর নেপালে কাঠমান্ডুতে শুরু হবে নারী সাফ চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ ‘এ’ গ্রুপে খেলবে। এই গ্রুপে ভারত থাকলেও তারা খেলতে পারবে কিনা সে সিদ্ধান্ত জানা যাবে বুধবার।
ফিফা ভারতকে নিষিদ্ধ করায় নারী সাফে তাদের খেলা অনিশ্চিত। ভারতের জন্য মঙ্গলবার পর্যন্তই অপেক্ষা করবে সাফ। ভারত খেলতে না পারলে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে থাকবে পাকিস্তান ও মালদ্বীপ।