পুলিশের সাথে সংঘর্ষ

নোয়াখালীতে বিএনপির ৩৩ নেতাকর্মী আটক

নোয়াখালীতে পুলিশের ওপর ইটপাটকেল ছোড়ার অভিযোগে জেলা বিএনপির ৩৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে জেলা শহরের বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করে পুলিশ।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান জানান, নোয়াখালী প্রেসক্লাবের সামনে বিএনপির কেন্দ্রঘোষিত শান্তিপূর্ণ সমাবেশ আয়োজন করে সদর উপজেলা ও নোয়াখালী পৌর বিএনপি। শান্তিপূর্ণ সমাবেশ শেষে নেতাকর্মীরা যার যার গন্তব্যে ফিরে যাওয়ার সময় পুলিশ ৩৩ নেতাকর্মীকে আটক করে। 

তিনি বলেন, যাতে করে আমাদের রাজনৈতিক বড় কোনো শো ডাউন না হতে পারে সে জন্য পুলিশ এমন করেছে। ইট পাটকেল নিক্ষেপের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। এসময় তিনি দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারের নিন্দা জানান।

পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদলের ৫০০-৭০০ সমর্থক রশিদ কলোনি থেকে মিছিল নিয়ে টাউন হল মোড় পার হয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের দিকে আসতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় বিএনপির সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে।

পুলিশ উশৃঙ্খল জনতাকে ছত্রভঙ্গ করতে আট রাউন্ড শটগানের ফাঁকা গুলি করে। এ ঘটনার পরে পুলিশ অভিযান চালিয়ে বিএনপি ও তার অঙ্গসংগঠনের ৩৩ নেতাকর্মীকে আটক করে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মিছিলকারীদের ছোঁড়া ইটের আঘাতে আট পুলিশ আহত হয়। আটকদের সম্পর্কে যাচাই-বাছাই চলছে। এ ঘটনায় আইনি বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।