পদত্যাগ করলেন ডিএসই এমডি তারিক আমিন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিতর্কিত ঢালাও পদোন্নতি দেওয়ার পরদিনই সমালোচনার মুখে পদত্যাগ করলেন স্টক এক্সচেঞ্জটির ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভুঁইয়া। গতকাল রাতে ডিএসইর চেয়ারম্যান মো. ইউনুসুর রহমানের কাছে তিনি ই-মেইলে পদত্যাগপত্র দাখিল করেছেন। ইউনুসুর রহমান দেশ রূপান্তরকে পদত্যাগের তথ্য নিশ্চিত করেছেন।

ইউনুসুর রহমান জানান, মঙ্গলবার রাতে দুই পাতার একটি পদত্যাগপত্র আমার ই-মেইলে পাঠিয়েছেন তিনি। সেখানে তারিক আমিন ভুঁইয়া জানিয়েছেন, তিনি তিন বছরের চুক্তিতে ডিএসইতে ১৩ মাস ধরে কাজ পেয়েছেন। কিন্তু স্টক এক্সচেঞ্জটির উন্নতিতে অনেক পরিকল্পনা থাকলেও তিনি নিজের ইচ্ছেমতো কাজ করতে পারছেন না। এ কারণে তিনি পদত্যাগ করেছেন বলে চিঠিতে উল্লেখ করেছেন।

ডিএসই চেয়ারম্যান জানান, আমার মনে হয় তারিক আমিনের অন্য কোথাও ভালো প্রস্তাব রয়েছে, যার কারণে তিনি ডিএসই ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। ২০২১ সালের ২৫ জুলাই ডিএসইতে যোগদান করেন তারিক আমিন ভুঁইয়া। কিন্তু যোগদানের পর থেকেই পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের একটি অংশের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন তিনি। এর মধ্যে ডিএসইর ৯৫ কর্মকর্তা-কর্মচারীকে গত সোমবার ঢালাও পদোন্নতি দেন তিনি। যদিও এক্ষেত্রে এখতিয়ারবহির্ভূত কর্মকা-ের অভিযোগ ওঠে। জিএম লেভেলের কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে ডিএসইর এনআরসির সুপারিশ প্রয়োজন হলেও তিনি তা আমলে নেননি। এমনকি জিএমের ওপরে কোনো পোস্ট না থাকলেও সিনিয়র জিএম নামে নতুন পোস্ট তৈরি করে তিনজনকে পদোন্নতি দিয়েছেন তিনি। এর বাইরে ডিজিএম থেকে পদোন্নতি দিয়ে তিনজন কর্মকর্তাকে জিএম বানিয়েছেন। এই ছয়জনের পদোন্নতিতে আপক্তি জানিয়ে তা বাতিল করতে গত সোমবার ডিএসইর পরিচালনা পর্ষদ নির্দেশ দেয় তারিক আমিনকে। এর জের ধরেই তিনি গতকাল পদত্যাগ করেছেন বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।