দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে চার বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে তিন বছরে নির্ধারণ করার শিক্ষামন্ত্রীর ঘোষণার প্রতিবাদ ও চার বছরের কোর্স বহাল রাখার দাবিতে কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে সমাবেশ করেছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম শহরের শাপলা চত্বর ও প্রেস ক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কটি ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এ সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন আবদুল কাদের, সাজ্জাদ হোসেন, তুহিন আখতার ও আবদুল কাদেরসহ(২) কয়েকজন শিক্ষার্থী।
তারা বলেন, গত ১৩ আগস্ট ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী চার বছরের কোর্সকে তিন বছর করার যে পরিকল্পনা ঘোষণা করেছেন তা অবাস্তব ও অগ্রহণযোগ্য।
অন্যদিকে একই দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের শিক্ষার্থীরা। গতকাল দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া এলাকায় অবস্থিত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। পরে ইনস্টিটিউটের শহীদ মিনার চত্বরে সমাবেশে মিলিত হন।
সমাবেশে বক্তব্য রাখেন ইনস্টিটিউটের শিক্ষার্থী আতিকুল ইসলাম আতিক, রবিউল ইসলাম, মিনহাজুল ইসলাম, আসিফ আরাফাত প্রমুখ। এতে তারা ডিপ্লোমা শিক্ষা কোর্সকে চার বছর মেয়াদে বহাল রাখার দাবি জানান।