চাঁদপুরে গৃহবধূ হত্যার দায়ে ৪ জনের মৃত্যুদন্ড

চাঁদপুরে রহিমা আক্তার নামে এক নারীকে ধর্ষণ শেষে হত্যার দায়ে চার আসামিকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক জান্নাতুল ফেরদৌস চৌধুরী ৩০২/৩৪ ধারায় মৃত্যুদন্ড এবং ৯(১)/৩০ ধারায় যাবজ্জীবন কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদন্ড দিয়েছে। রহিমা আক্তার মতলব দক্ষিণ উপজেলার রসুলপুর গ্রামের সফিউল্লাহ মিয়াজীর মেয়ে। তার স্বামীর নাম আবু জাফর।

মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হলো জিয়া, কামাল মিয়াজী, আবুল বাশার ও মাহমুদা আক্তার। এদের মধ্যে মাহমুদা আক্তার পলাতক। বাকি তিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বিচারক।

মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী স্যাইয়েদুল ইসলাম বাবু জানান, ২০১৩ সালের ২১ মে ধর্ষণ শেষে গলাটিপে হত্যা করে মরদেহ বাড়ির পার্শবর্তী ভুট্টাক্ষেতে ফেলে রেখে যায় আসামিরা। এ ঘটনার পরদিন ভুক্তভোগীর বাবা সফিউল্লাহ মিয়াজী মতলব দক্ষিণ থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে হত্যাকা-ের সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। পরে আসামিরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।