ক্যারিয়ারের দুর্দান্ত একটা সময় পাড় করছেন দীনেশ কার্তিক। আইপিএল দারুণ পারফর্মের ধারাবাহিকতা বজায় রেখেছেন জাতীয় দলেও। তাই তাকে রাখা হয়েছে এশিয়া কাপের দলে। তবে স্কোয়াডে থাকলেও একাদশে জায়গা পাওয়া নিয়ে রয়েছে ধোঁয়াশা। যদিও পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট মনে করেন একাদশে কার্তিকের অবস্থান নিয়ে প্রশ্ন ওঠাই উচিত না।
ভারতের একাদশে জায়গা পাওয়া নিয়ে আছে তুমুল লড়াই। ইশান কিশান, শ্রেয়াস আইয়ার, সঞ্জু স্যামসনের মতো ব্যাটসম্যানদের স্কোয়াডেই জায়গা হয়নি। স্কোয়াডে থাকলেও খেলা অনিশ্চিত দীপক হুডার।
অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামবেন লোকেশ রাহুল, এরপর বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়ার জায়গা নিয়ে সংশয় নেই। সাত নম্বরে রবীন্দ্র জাদেজাও নিশ্চিত। ছয় নম্বরে কে খেলবেন? রিশভ পান্ত নাকি কার্তিক। নাকি দুজনকেই একাদশে রেখে একজন বোলার কম খেলাবে ভারত?
কঠিন এই সিদ্ধান্ত নিতে হবে রোহিতদের। তবে সালমানের মতে ফিনিশিংয়ে ভারতের সেরা অস্ত্র হতে পারেন কার্তিকই। ২৮ অগাস্ট পাকিস্তানের বিপক্ষে এই কিপার ব্যাটসম্যানের পক্ষেই আছেন তিনি, ‘তাকে (কার্তিক) অবশ্যই খেলানো উচিত। সে টপ পারফরম্যান্স করছে। ফিনিংশিংয়ের কাজটা দারুণভাবে করছে। তার স্ট্রাইকরেট টপ ক্লাস। আমার মনে হয় এই পজিশনে স্ট্রাইকরেটের দিক থেকে সে বিশ্বের সেরা তিন-চারজনের একজন ব্যাটার। সে ফিট, সে পারফর্ম করছে। তাকে না খেলানোর কোন কারণ থাকতে পারে না।’
আগামী ২৭ অগাস্ট থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপে ২৮ অগাস্ট মাঠে নামবে ভারত-পাকিস্তান। ‘এ’ গ্রুপ দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের লড়াই নিয়ে ইতোমধ্যে চলছে নানা সমীকরণ।