চিরপ্রতিদ্বন্দি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে পাকিস্তানের এশিয়া কাপের মিশন শুরু হবে। দুই দলের খেলা মানেই ভক্তদের মধ্যে তর্কযুদ্ধ চরমে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে পক্ষে-বিপক্ষে মতামতের ছড়াছড়ি। তবে সমর্থক ছাপিয়ে পক্ষে-বিপক্ষে মতামত দিচ্ছেন দুই দেশের সাবেক ক্রিকেটাররাও। সে তালিকায় এবার যোগ দিয়েছেন পাকিস্তানের সাবেক পেসার সরফরাজ নওয়াজ।
চোটের কারণে পাকিস্তানের এশিয়া কাপের দল থেকে ছিটকে গেছেন শাহিন শাহ আফ্রিদি। অন্যদিকে জাসপ্রিত বুমরাহ ও হার্শাল প্যাটেল একই কারণে নেই ভারতের দলে। স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামিরও। বিপজ্জনক এই তিন বোলার না থাকাকে রোহিতদের দুর্বলতা হিসেবে দেখছেন সরফরাজ নওয়াজ। তিনি মনে করেন, এই দুর্বলতার সুযোগে ভারতের বিপক্ষে জেতা উচিৎ বাবর আজমদের।
ক্রিকেট পাকিস্তানের সঙ্গে আলাপকালে সরফরাজ নওয়াজ বলেন, ‘বোলাররা ম্যাচ জেতাবে। আপনার ভালো বোলার থাকলে আপনি ম্যাচ জিতবেন। এখানে ব্যাটারদের করার কিছু থাকে না। এই মুহূর্তে ভারত পূর্ণ শক্তিতে নেই। সেই কারণেই আমি মনে করি পাকিস্তানের শুধু ভারতকে হারানো উচিত নয়, এশিয়ার চ্যাম্পিয়ন হওয়া উচিত।’
দুই দলই দুই দলই যোগ্যতা অর্জন করলে এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান। ভক্তরা ইতোমধ্যেই আশাবাদী যে উভয় দলই ফাইনালে উঠবে। তারা আশা করছেন, গ্রুপ স্টেজ ও ফাইনালসহ ভারত-পাকিস্তান এবারের এশিয়া কাপে তিনবার মুখোমুখি হবে।