আশুলিয়া থেকে আনসার আল ইসলাম সদস্য গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় র‍্যাবের অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য মো. নাছির উদ্দিন (২৪) গ্রেপ্তার হয়েছে।

বুধবার (২৪ আগস্ট) দুপুরে তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় দুপুরেই ওই জঙ্গি সংগঠনের সদস্যকে আশুলিয়া থানা থেকে আদালতে পাঠানো হয়েছে।
 
এর আগে মঙ্গলবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মো. নাছির উদ্দিন ঝিনাইদহের মহেশপুর থানার শ্যামকুর গ্রামের মো. ইউনুস আলীর ছেলে। সে আশুলিয়ার ভাদাইল এলাকায় রুবেল মাতাব্বরের বাড়িতে থেকে হাজী দেলোয়ার হোসেন মসজিদের মুয়াজ্জিন হিসেবে কর্মরত ছিল।
 
এজাহার সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল জানতে পারে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের কয়েকজন সদস্য আশুলিয়ার ভাদাইল এলাকায় অবস্থান করে গোপনে বৈঠক করছেন। ওই এলাকায় অভিযান চালিয়ে নাছির উদ্দিনকে আটক করা হয়। তার কাছ থেকে বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। তবে সে সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাকি সদস্যরা পালিয়ে যায়।  

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নোমান সিকদার বলেন, মামলা দায়েরের পর র‌্যাব আসামিকে থানায় হস্তান্তর করে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।