ডলার এড়িয়ে বাংলাদেশে বাণিজ্য চালানোর প্রক্রিয়া খোঁজা শুরু হয়েছে: রুশ রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি জানিয়েছেন, বাংলাদেশ অপরিশোধিত ও পরিশোধিত তেল সংগ্রহের জন্য রাশিয়ার সঙ্গে আলোচনা চলছে।

বুধবার রুশ দূতাবাসে এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত বলেন, 'রাশিয়ান অপরিশোধিত ও পরিশোধিত তেল সরবরাহের বিষয়ে দুই দেশের সরকারের মধ্যে এবং ব্যাবসায়ী পর্যায়ে বেশ কিছু উদ্যোগ নিয়ে আলোচনা হচ্ছে।'

এ ছাড়া মার্কিন ডলার এড়িয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য চালানোর প্রক্রিয়া খোঁজার কাজ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, 'আমি সম্প্রতি বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে দেখা করেছি।'

তিনি বলেন, রাশিয়ার অপরিশোধিত তেল এখানে পরিশোধন করা যায় কি না তা জানতে বাংলাদেশি বিশেষজ্ঞদের কাছে নমুনা পাঠানো হবে।