কাতারে শ্রমিকদের আন্দোলনে চাপা উত্তেজনা

বিশ্বকাপ শুরুর তিন মাস আগে বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত বিদেশি শ্রমিক আটকের ঘটনায় চাপা উত্তেজনা কাতারে। বিশ্বকাপ স্টেডিয়াম সংস্কার আর অন্য কাজের সঙ্গে যুক্ত শ্রমিকরা যখন প্রতিবাদ করে তখন তা বড় ঘটনাই তো বটে। সেই আন্দোলনের পর ৬০ জনকে আটক করেছে কাতার পুলিশ। তার পথ ধরে এখন গোটা কাতার জুড়েই ছড়িয়েছে উত্তাপ! দেশটির গণমাধ্যমে তেমন করে খবরটি না উঠলেও অনলাইনে কিছু ভিডিও ছড়িয়েছে। যেখানে দেখা যাচ্ছে, প্রায় ৬০ জন শ্রমিক প্রতিবাদ করছেন বেতন নিয়ে। দোহা আল বান্দারি ইন্টারন্যাশনাল গ্রুপের অফিসের বাইরে এই প্রতিবাদে শামিল হন তারা। তাদের দাবি, ৭ মাস ধরে তারা বেতন পাচ্ছেন না!

কাতার সরকারও স্বীকার করেছে- এই সংস্থা শ্রমিকদের দীর্ঘদিন বেতন দেয়নি।

বিষয়টি দ্রুত সমাধানের পথে হাঁটছে আয়োজক দেশটি। লিওনেল মেসি-নেইমাররা পা রাখার আগেই সব স্বাভাবিক করে নিতে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের বেতন মিটিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। নভেম্বরের মাঝামাঝিতে শুরু বিশ্বকাপ, তার আগেই শ্রমিকদের বেতন মেটানোর জন্য সময়সীমাও দেওয়া হয়েছে সেই সংস্থাকে।