ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খেলনা পিস্তল দেখিয়ে ভয় দেখানোয় দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। মোবাইল বিক্রিকে কেন্দ্র করে আখাউড়ার উত্তর ইউনিয়নের রামধনগর গ্রামে বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। আটক যুবকরা হলো রামধনগর গ্রামের লিটন মিয়ার ছেলে রবিন (২৫) ও একই গ্রামের দুলাল মিয়ার ছেলে মো. রাব্বি (২৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিন মিয়া ভারত থেকে একটি মোবাইল ফোন এনে রামধনগর গ্রামের নিজাম মিয়ার ছেলে সাকিবের কাছে বিক্রি করে। মোবাইল ফোনটি কয়েক দিন পরে লক হয়ে যাওয়ায় সাকিব মিয়া রবিন মিয়াকে লক খুলে দিতে বলে। কিন্তু রবিন মোবাইলের লক খুলে দিতে না পারায় সাকিব টাকা ফেরত চায়। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বিষয়টি সমাধানের জন্য বুধবার বিকেলে দু-পক্ষের লোকজন বৈঠকে বসে। কথাবার্তার একপর্যায়ে রবিন ও রাব্বি কোমর থেকে পিস্তল বের হুমকি দেয়। আলোচনা সভায় সাকিবের খালু বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ উপস্থিত লোকজনের সহায়তায় তাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ বলেন, আমার ভাগনে সাকিব রবিনের কাছ থেকে একটি মোবাইল কিনে। মোবাইলটি ছিল ভারত থেকে কিস্তির মাধ্যমে কিনে আনা। কিস্তি পরিশোধ না করায় মোবাইল ফোনটি বন্ধ হয়ে যায়। সাকিব তখন রবিনকে মোবাইলের লক খুলে দিতে বলে। লক খুলতে না পারায় টাকা ফেরত চায়। এ নিয়ে আজকে সভায় বসেছিলাম। একপর্যায়ের ওই যুবকরা পিস্তল বের হুমকি দেয়। তখন আমি তাদের আটক করে পুলিশকে জানাই। পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়। পুলিশ বলেছে এগুলো খেলনা পিস্তল।
এ ব্যাপারে জানতে চাইলে আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করেছি। তবে পিস্তলগুলো খেলনা বলে প্রাথমিকভাবে ধারণা করছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে এই বিষয়ে আটক দুজনের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে আখাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক দুজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।