ডোমিঙ্গোর চাকরি ছাড়ার বিষয়ে যা বললেন বিসিবির প্রধান নির্বাহী

বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো চাকরি ছাড়ছেন না, সংবাদটি ভুলভাবে প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি জানিয়েছেন, ডোমিঙ্গো বোঝাতে চেয়েছে একভাবে, কিন্তু সংবাদটি প্রকাশ করা হয়েছে অন্যভাবে। 

আজ বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা জানান বিসিবির শীর্ষ এই কর্মকর্তা।

তিনি বলেন, আমাদের নজরেও এসেছে বিষয়টি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। দেখার পর রাসেলের সঙ্গে আমি যোগাযোগ করি। কারণ সে বোঝাতে চেয়েছে একভাবে, কিন্তু সংবাদটি প্রকাশিত হয়েছে অন্যভাবে। এটা নিয়ে সেও আসলে বিষয়টি নিয়ে বিব্রত। তাই সে সবাইকে অনুরোধ করেছে এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য। 

প্রধান নির্বাহী আরও যোগ করেছেন, ‘আজ সকালেও রাসেলের সঙ্গে কথা হয়েছে। আপনাদের সঙ্গেও দুয়েকদিন আগে প্রেস মিট করেছে। সেখানে প্রেসিডেন্টও ছিলেন। তার আগে বোর্ড সভাপতির সঙ্গে রাসেলের বিস্তারিত আলোচনা হয়েছে, কীভাবে টেস্ট ও ওয়ানডে টিম নিয়ে কাজ করবেন? রাসেল সেভাবেই কাজ করে যাচ্ছে। আশা করছে, খুব শিগগিরই বিস্তারিত পরিকল্পনা বোর্ডকে জমা দেবে।’ 

অক্টোবরে বাংলাদেশ ‘এ’ দল দুবাই যাবে আফগানিস্তান ‘এ’ দলের সঙ্গে খেলতে। সেখানে ডমিঙ্গো যোগ দেবেন বলে নিশ্চিত করেছেন নিজামউদ্দিন চৌধুরী, ‘সামনে ‘এ’ দলের একটি সফর আছে। সেখানেও সে থাকবে। আমার জানা নেই, এটা (পদত্যাগ) কোথা থেকে এসেছে, এটা বলতে পারবো না। ’

জোর কণ্ঠে তার দাবি, ‘রাসেল যেভাব কথাগুলো বলেছে সেভাবে কথাগুলো আসেনি।  সবচেয়ে বড় কথা তিনি যা বোঝাতে চেয়েছেন সেভাবে কথা আসেনি। গণমাধ্যমে যেভাবে খবর হয়েছে, তাতে সেও বিব্রত।’

জাতীয় একটি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে টাইগারদের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো বলেছেন, ‘বিসিবিতে আমার সময় শেষ। আর থাকছি না। হ্যাঁ সত্যিই বিসিবি ছেড়ে যাচ্ছি।’ পরে একটি অনলাইন গণমাধ্যমকে ডোমিঙ্গো জানান, এখনও পদত্যাগ করেননি। তবে ঢাকায় আর ফিরছেন না। কেন ফিরছেন না জানতে চাইলে, সে উত্তর বিসিবির কাছ থেকে নিতে বলেন তিনি।

এই বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি সত্য নয়। তিনি এখনও আমাদের প্রধান কোচ। ওয়ানডে ও টেস্ট দল নিয়ে তিনি কাজ করবেন। আপাতত তাকে দুই সপ্তাহের একটা পরিকল্পনা দেওয়ার জন্য বলা হয়েছিল, তিনি সেটা নিয়েই কাজ করছেন। রাসেল ঢাকায় ফিরছেন না এই তথ্য সত্য নয়।