আল্লামা বোখারি স্মরণে আলোচনা সভা

মেধাবী তরুণদের পরিচর্যার দায়িত্ব গ্রহণ করেছিলেন জামিয়া ইসলামিয়া পটিয়ার সাবেক শায়খুল হাদিস ও মহাপরিচালক আল্লামা মুফতি আব্দুল হালীম বোখারি (রহ.)। তিনি নিজেও অত্যন্ত মেধাবী ছিলেন। হাদিসের কিতাব তিরমিজি শরিফের অতুলনীয় দরস প্রদান করতেন। অনন্য সব গুণের সমাবেশ ছিল তার জীবনে। আরবি, ফারসি, উর্দু, বাংলা, ইংরেজিসহ বহু ভাষার সাহিত্যে দখল ছিল আল্লামা বোখারির।’

গত বৃহস্পতিবার (১৮ আগস্ট ২০২২) বাদ জোহর বায়তুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আবনায়ে জামেয়া ইসলামিয়া পটিয়া ঢাকার উদ্যোগে পটিয়া মাদ্রাসার সাবেক শায়খুল হাদিস ও মহাপরিচালক আল্লামা আব্দুল হালীম বোখারি (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় পটিয়া মাদ্রাসার মহাপরিচালক মাওলানা উবায়দুল্লাহ হামযা এসব কথা বলেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পটিয়া মাদ্রাসার শায়খুল হাদিস মুফতি আহমাদুল্লাহ। অনুষ্ঠানে দেশের নেতৃস্থানীয় আলেম-উলামা, পির-মাশায়েখ ও ইসলামি ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেন। সভায় বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মুফতি মাহফুজুল হক বলেন, ‘আল্লামা আবদুল হালীম বোখারি ছিলেন ঐক্যের প্রতীক।’ পটিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবু তাহের নদভি বলেন, ‘তিনি অত্যন্ত বিচক্ষণ ও দূরদর্শী আলেমে ছিলেন। যা তিনি অনেক আগে বুঝতেন আমরা তা অনেক পরে বুঝতাম।’ আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, বায়তুল মোকাররমের খতিব মুফতি রুহুল আমিন, ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মুফতি ফয়জুল করিম, মাওলানা উবায়দুল কাদের নদভি, আম্বরশাহ মসজিদের ইমাম মাওলানা মাযহারুল ইসলাম ও মাওলানা মনজুর হালীম বোখারি প্রমুখ।