ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সচিবকে মারধরের অভিযোগ

কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর ইউপি চেয়ারম্যানের সামনেই সচিবকে মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। 

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে ইউপি কার্যালয়ে এ ঘটনা ঘটে। পরে রাতেই সচিব ফজলুল করিম মজুমদার চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে মেঘনা থানায় একটি লিখিত অভিযোগ দেন।

ইউপি সচিব ফজলুল করিম মজুমদার জানান, বৃহস্পতিবার দুপুরে সরকারি চাল বিতরণ করছি। এমন সময় স্থানীয় ছাত্রলীগ নেতা আওলাদ হোসেন, রাকিব ও হুযাইফা মিয়া কয়েকটি জন্মনিবন্ধন করে দিতে বলে। সার্ভারের সমস্যা থাকায় পরে করে দেওয়ার কথা বললে আমাকে গালিগালাজ করে। তখন তাদেরকে নিয়ে পাশের রুমে থাকা চেয়ারম্যানকে বিষয়টি জানাতে গেলে উল্টো চেয়ারম্যান তাদের পক্ষ নিয়ে আমাকে ধাক্কা মারে। তখন চেয়ারম্যানের সামনেই তারা আমাকে মারধর করে।

ছাত্রলীগ নেতা আওলাদ হোসেন বলেন, জন্মনিবন্ধন নিয়ে সচিবের নামে বিস্তর অভিযোগের বিষয়টি চেয়ারম্যান জাকির হোসেনকে জানালে তিনি হাতেনাতে ধরার কথা বলেন। তাই বৃহস্পতিবার হাতেনাতে ধরে চেয়ারম্যানের কাছে নিয়ে যাই। পরবর্তীতে সচিব নিজেকে রক্ষার জন্য মিথ্যা নাটক সাজিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে মেঘনা থানায়।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন জানান, সচিবের নামে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে, ছাত্রলীগ নেতারা তার অনিয়মের প্রতিবাদ করেছে মাত্র। আমার বিরুদ্ধে সচিবের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বরং সচিব আমার প্রতিপক্ষের সঙ্গে হাত মিলিয়ে আমাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য কাজ করছেন।

মেঘনা থানার ওসি মো. ছমি উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, সচিব ফজলুল করিম মজুমদার বৃহস্পতিবার রাতে লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. রাবেয়া আক্তার বলেন, ঘটনা শোনার পর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ওসিকে বলেছি।