কিশোরগঞ্জের ভৈরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ভৈরব পৌর শহরের পাওয়ার হাউজ সংলগ্ন হরিজন পল্লীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হরিজন কলোনির বাসিন্দা গণেশ লাল হরিজনের ছেলে মিলন লাল হরিজন (৩৫), জনি লাল হরিজনের ছেলে সুদর্শ কুমার দেব দিবু (১৬), সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার তাজুল ইসলামের ছেলে মো. মোবারক (২২)।
আহতরা হলেন- ভৈরবপুর উত্তরপাড়ার মোক্তার হোসেনের ছেলে আব্দুল্লাহ মিয়া (৩৫), হরিজন পল্লীর রিকু রায়ের ছেলে সানি রায় (১৪) ও চন্দন রায়ের ছেলে সকাল রায় (১৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে ভৈরব পৌর শহরের পাওয়ার হাউজ সংলগ্ন হরিজন পল্লীতে সড়কের পাশ থেকে সৌর বিদ্যুতের একটি খুঁটি তুলে পল্লীর ভেতরে বসানো হচ্ছিল। এসময় সৌর বিদ্যুতের খুঁটি বিদ্যুতের মেইন তারে লেগে বিদ্যুতায়িত হয়ে ৬ জন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিন জনের চিকিৎসা চলছে।
এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বলেন, বিদ্যুৎপৃষ্ট হয়ে দুইজন হরিজন সম্প্রদায়ের এবং একজন মুসলমান লোকের মৃত্যু হয়েছে। সরকারের পক্ষ থেকে নিহতের স্বজনদের আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।
এছাড়া এ ঘটনায় যদি কারো ত্রুটি বা দোষ পাওয়া যায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।