পাওয়ার হিটার নেই, চার-ছক্কার বন্যা বইয়ে দিতে পারে এমন ব্যাটার নেই। ওপেনিংয়ে ভালো একটি জুটি নেই। নেই-এর হাহাকারে তাই টি-টোয়েন্টিতে পরিসংখ্যানও বাংলাদেশর বিপক্ষে। ক্রিকেট বিশ্লেষকদের মতে, আধুনিক টি-টোয়েন্টি সংস্করণের বিচারে লাল-সবুজরা অনেক পিছিয়ে। তবে টাইগার ওপেনার আনামুল হক বিজয় তা মানতে নারাজ। তার মতে দলের প্রত্যেক ব্যাটারেরই চার-ছক্কা মারার মতো সামর্থ্য আছে।
বিজয় বলেন, ‘আমরা কোন বোলারকে পিক করব, কোন বোলারের বলে সিঙ্গেলস বের করব, কখন মারা উচিত, কখন মারা উচিত না এসব বুঝতে হবে। ব্যাটারদের সবাই কমবেশি মারতে পারে। তাদের নিজস্ব সময় দেওয়া উচিত। ১০ বল হোক বা ৩/৪ বল হোক। এরপর চেষ্টা করলে প্রত্যেক খেলোয়াড়েরই চার-ছক্কা মারার সামর্থ্য আছে।’
এশিয়া কাপে টাইগারদের প্রথম ম্যাচ আফগানিস্তানের সঙ্গে। আগামী ৩০ আগস্ট নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। এই টুর্নামেন্টেই টি-টোয়েন্টিতে নতুন কিছু শুরু করতে চায় বাংলাদেশ। এই সংস্করণের পাওয়ার হিটিংয়ের জন্য টেকনিক্যাল কনসালটেন্টের মোড়কে নতুন কোচ হিসেবে শ্রীধরন শ্রীরামকে নিয়োগ দিয়েছে ক্রিকেট বোর্ড। সঙ্গে অধিনায়ক হিসেবেও ফিরেছেন সাকিব আল হাসান।
বিজয় আশাবাদী নতুন কোচ ও অধিনায়ক সাকিবের অধীনে তারা ভালো কিছু করতে পারবেন, ‘আমার মনে হয় না ক্রিকেটারদের হতাশ হওয়ার কিছু আছে। অনুশীলনের মাধ্যমে উন্নতি সম্ভব। আশা করি এই কোচ, সাকিব ভাইর অধীনে আমরা যথেষ্ট উন্নতি করব পাওয়ার হিটিংয়ে। এটা প্রক্রিয়ার বিষয়, একদিনে হয়ে যাবে তা না। ৩ মাসে হবে, ৬ মাসে হবে। সবাই শতভাগ চেষ্টা করবে উন্নতি করার।’
শ্রীরামের সঙ্গে কী কাজ হলো? বিজয় জানালেন, ‘শ্রীরাম আসার পর আমাদের দারুণ একটা মিটিং হয়েছে। আমাদের পরিষ্কার ধারণা আছে এবং প্রত্যেকে জানে তার কাজ কী। আমরা সবাই মনে করি দারুণ প্রভাব ফেলতে পারব। দলকে সামর্থ্যের চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করব। এই অঙ্গীকার সবাই করেছে। এটা বিশ্বাস করি, আমরা পারব।’