ভারতের প্রথম ম্যাচের একাদশ ফাঁস করলো বিসিসিআই!

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সবশেষ দেখা গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেবার পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরেছিল ভারত। সেই ক্ষত এখনও মুছেনি। এবার ফের এশিয়া কাপে মুখোমুখি হচ্ছে দু দল। বাবর আজমদের বিপক্ষে হাইভোল্টেজ লড়াইকে সামনে রেখে নিজেদের প্রস্তুত করছেন রোহিত শর্মারা। সে প্রস্তুতির কয়েকটি ছবি পোস্ট করেছে বিসিসিআই। আর পোস্ট দেখেই সমর্থকরা একাদশে কারা থাকছেন তা অনুমান করে নিয়েছেন।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ট্রেনিং সেশনের কয়েকটি ছবি পোস্ট করেছে। যাতে দেখা যাচ্ছে, বেশ কয়েকজন ক্রিকেটার কঠোর পরিশ্রম করছেন নেটে। পোস্টে ছবিগুলো যেভাবে সাজানো হয়েছে, তাতে সমর্থকরা মনে করছেন, ওই ছবিগুলো দিয়ে প্রকারান্তরে পাকিস্তান ম্যাচের একাদশই ফাঁস করে দিয়েছে বিসিসিআই।

বিসিসিআইয়ের পোস্ট করা ১০টি ছবির মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে লোকেশ রাহুল আর রোহিত শর্মার ছবি। তারপর যথাক্রমে বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রিশাভ পান্ত, দিনেশ কার্তিক, ভুবনেশ্বর কুমার, ইয়ুজবেন্দ্র চাহাল, আভেশ খান এবং অর্শদীপ সিং। ব্যাটিং অর্ডার অনুসারে একে ভারতীয় একাদশই মনে হচ্ছে।

লক্ষ্যণীয় ব্যাপার হলো, বিসিসিআইয়ের পোস্টে ছবি নেই রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, রবি বিষ্ণুই এবং দীপক হুদার। ক্রিকেটানুরাগীদের অনেকেই মনে করছেন, পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তাদের একাদশে জায়গা হবে না।