পেশাদার লিগ কমিটির পদ ছাড়লেন সালাম মুর্শেদী

তিনি সাবেক ফুটবলার। খেলোয়াড়ী জীবন শেষে হয়েছেন সংগঠক। হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি। একইসঙ্গে তিনি পেশাদার লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন এক যুগেরও বেশি সময়। এসবের বাইরেও আব্দুস সালাম মুর্শেদী একজন সাংসদ। পাশাপাশি তিনি একজন ব্যবসায়ীও। তাই পেশাদার লিগ কমিটির দায়িত্ব ছেড়ে দিয়েছেন তিনি।

আজ শনিবার লিগ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এই দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার কথা সালাম মুর্শেদী নিজেই জানিয়েছেন।

আবদুস সালাম মুর্শেদী খুলনা-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য। রাজনীতি ও ব্যবসার কারণে ফুটবলে বেশি সময় দিতে পারবেন না উল্লেখ করে তিনি এই দায়িত্ব থেকে সরে যাওয়ার কথা বলেছেন।

সালাম মুর্শেদী বলেছেন, ‘সামনে রাজনৈতিক ব্যস্ততা বাড়বে আমার। তাই সভাপতিকে বলেছিলাম, আমার দায়িত্ব কিছুটা কমিয়ে দেওয়া যায় কি না। তখন উনি বলেছিলেন, আর একটু সময় থাকা যায়? আমি বলেছিলাম, আমাকে তো এখন এলাকায় (খুলনায়) নিয়মিত যেতে হয়। তখন সভাপতি বলেন, ঠিক আছে এটা আমি জানলাম, বিবেচনা করবো। আমি সভাপতিকে জানিয়েছি যে, পেশাদার লিগ কমিটি চালানোর মতো সময় আমার হাতে নেই। উনি বলেছেন, আমরা আলোচনা করে একটা সিদ্ধান্ত নেব।’

পেশাদার লিগ কমিটির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন কি না এমন প্রশ্নের জবাবে সালাম মুর্শেদী বলেছেন, ‘আমি আজকে থেকে এই দায়িত্বে আর নেই। এখন বোর্ড সিদ্ধান্ত নেবে।’