কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় রাজীবপুর প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ দৈনিক আমার সংবাদের প্রতিনিধি রফিকুল ইসলামের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে রাজীবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মিরণ মোহাম্মদ ইলিয়াস ও তার সহযোগী ইউপি সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় ওই সাংবাদিক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দুপুরে রাজীবপুর সদর ইউনিয়ন পরিষদ চত্বরে।
জানা গেছে, রাজীবপুর সদর ইউনিয়ন পরিষদ চত্বরে দশ টাকা কেজি চালের অনলাইন নিবন্ধন হালনাগাদের কাজে অনিয়মের চিত্র ভিডিও করতে যান সাংবাদিক রফিকুল ইসলাম। একপর্যায়ে রাজীবপুর সদর ইউনিয়নের সদস্যরা সাংবাদিকের ওপর চড়াও হন। তাকে মারধর করে ফোনটি ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার পর রফিকুল ইসলামকে রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ নিয়ে রাজীবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াসের সঙ্গে কথা বলতে চাইলে তিনি ব্যস্ততা দেখিয়ে কল কেটে দেন। রাজীবপুর থানার ওসি মোজাহারুল ইসলাম বলেন, দু পক্ষই অভিযোগ করেছে। এ ব্যাপারে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।