দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাহারুল ইসলাম চৌধুরী হেলালের বিরুদ্ধে ১১জন সাবেক ইউপি সদস্যের ৫০ মাসের সম্মানীর অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। ওই সদস্যরা এ ব্যাপারে চেয়ারম্যান ও সাবেক ইউপি সচিবের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। গতকাল শনিবার দিনাজপুর প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব জানান সাবেক ইউপি সদস্যরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপির ২ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মোজাম্মেল হক। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়- ২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ৫০ মাস পরিষদের ১১ জন ইউপি সদস্যের সম্মানীভাতা প্রদান করা হয়নি। ওই সময়ে সদস্যদের মোট সম্মানীভাতা দাঁড়ায় ২৪ লাখ ২০ হাজার টাকায়। এই টাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল আত্মসাৎ করেছেন।
তারা বলেন, আমরা সম্মানীর বকেয়া টাকা চাইতে গেলে তিনি নানাভাবে টালবাহানা করেন। এমনকি আমাদের বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি প্রদান করেন।
এসময় ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য কাবিরুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মফিজুল হক ও সংরক্ষিত সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য নন্দিতা রানী রায় উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জানতে চাইলে আত্মসাতের অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল বলেন, পরিষদের ফান্ডে টাকা না থাকায় তাদের সম্মানীর টাকা প্রদান করা হয়ে ওঠেনি।